× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাল্টাপাল্টি হামলায় ফের ছড়াচ্ছে যুদ্ধের আগুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১১:২০ এএম

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। ছবি: ইরনা

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। ছবি: ইরনা

জর্ডানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা তুঙ্গে পৌঁছেছে। যুদ্ধ এখন সর্বাত্মক আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের উপকূলীয় নজরদারি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করে শনিবার রাতে দেশটির ওপর আরেক দফা বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সামরিক কর্মকর্তারা।

হরমুজ প্রণালীতে অবস্থিত কেশম দ্বীপে হামলার কথা স্বীকার করেছে ইরান। সর্বশেষ হামলার জবাবে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুয়েতে দুটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। বাহরাইনও আকাশপথের কয়েকটি হামলা প্রতিহত করার কথা জানিয়েছে। আইআরজিসি দাবি করেছে, হরমুজ পার না হতে দেওয়া সতর্কতা উপেক্ষা করা দুটি জাহাজের একটি দুর্ঘটনার শিকার হয়েছে।

যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয়’ শিক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি বাতিল করায় প্রমাণিত হয়েছে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই। জর্ডানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে সমালোচনার মুখে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে তিনি ইরানের ওপর প্রতিশোধ নিতে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন। তার এই সিদ্ধান্তের কারণে যুদ্ধ পরিস্থিতি আরও ব্যাপকতর এবং ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খবর সিএনএন, বিবিসি, আল জাজিরা ও মিডলইস্ট মনিটর।

এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের স্থানীয় সময় রবিবার রাত ১টা ৩০ মিনিট থেকে বিমান হামলা শুরু হয়। সেন্টকম বলেছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রতি ইরানের হুমকির সক্ষমতা আরও হ্রাস করতে আর গত রাতে জর্ডানে যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে হামলা চালানো আইআরজিসিকে দ্রুত শাস্তি দিতে এই আক্রমণগুলোর পরিকল্পনা করা হয়েছে। সর্বশেষ অভিযানে ইরানের সামরিক বাহিনীর উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা স্থাপনা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগারগুলোতে সফলভাবে আঘাত হানা হয়েছে। আইআরজিসিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের হামলায় কুয়েতে একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও সমুদ্রের পানি শোধনাগারের একটি অংশে আগুন লেগে যায়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী ও এক বেসামরিক শ্রমিক আহত হয়েছেন। কুয়েতের ফায়ার সার্ভিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনারের (কেইউএনএ) খবরে বলা হয়, ইরানের হামলার লক্ষ্যবস্তু হওয়া দুটি স্থানে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রথম ঘটনায় ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী ও এক বেসামরিক শ্রমিক আহত হন।

যুদ্ধে মার্কিন প্রাণহানি বেড়ে ১৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আরও দুই মার্কিন সেনা সদস্য নিহত হওয়ায় যুক্তরাষ্ট্রের মোট সামরিক প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে বলে শনিবার জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি কুয়েতের একটি বেসামরিক বন্দরে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়, যা সংঘাত শুরুর পরপরই প্রথম প্রাণহানির ঘটনা। তারা আইওয়া ভিত্তিক একটি সরবরাহ ও লজিস্টিক ইউনিটের সদস্য ছিলেন এবং প্রতিরক্ষা ব্যবস্থাবিহীন একটি শিপিং কন্টেইনারধর্মী ভবনে কাজ করছিলেন। ১ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় আহত হওয়া আরেক সেনা এক সপ্তাহের বেশি সময় পর মারা যায়। মার্চের শেষ দিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সহায়তাকারী একটি কেসি-১৩৫ জ্বালানিবাহী বিমান ইরাকে বিধ্বস্ত হলে ছয় সেনা সদস্য নিহত হন। 

যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ার করে বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে, যা তারা কখনও ভুলতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘনের অভিযোগ করেছেন। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোজতবা খামেনির নামে একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়। সেখানে সর্বোচ্চ নেতা বলেন, গত মাসের সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র যেভাবে লঙ্ঘন করেছে, তা প্রমাণ করে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর ‘সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ’। বিবৃতিতে খামেনি হুঁশিয়ার করে বলেন, এখন শত্রুপক্ষ যুদ্ধ উস্কে দিতে চাইছে। কিন্তু তাদের জানা উচিত, প্রিয় ইরানি জাতি ও প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য এমন শিক্ষা প্রস্তুত রেখেছে, যা তারা কখনও ভুলতে পারবে না।

সমঝোতা স্থগিত ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত ঘোষণা করেছে ইরান। দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চলমান থাকার মধ্যে শনিবার ইরান এ সিদ্ধান্তের কথা জানায়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এ চুক্তি তারা আর মেনে চলতে বাধ্য নয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে গত জুন মাসে ১৪ দফার এ সমঝোতা স্মারক সই হয়েছিল। অন্তর্বর্তী এ চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল হরমুজ প্রণালী আবার উন্মুক্ত করা, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার ও কয়েক সপ্তাহের লড়াইয়ের পর ধাপে ধাপে উত্তেজনা কমিয়ে আনা। কিন্তু নতুন করে শুরু হওয়া হামলায় সেই চুক্তি থেকে বেরিয়ে গেল দেশ দুটি। 

সেনা নিহতের ঘটনা দুঃখজনকÑ ট্রাম্প

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় নিজের প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক হিসেবে আখ্যা দিয়ে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তিনি। নিউজনেশন নেটওয়ার্কের এক সাংবাদিকের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। আমরা এমন ঘটনা মোটেও দেখতে চাই না। তারা আমাদের দেশের সেবায় নিয়োজিত ছিলেন।

মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা

ইরানের সঙ্গে যুদ্ধ আরও তীব্র হওয়ায় বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে এবং স্থানীয় মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। শনিবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং যেকোনো সময় তা আরও অবনতি হতে পারে। বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল ও আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ভ্রমণেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা