নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে ফিফা সভাপতি। ছবি: ইয়াহু স্পোর্টস
বিশ্বকাপ ২০২৬ ফাইনাল দেখতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্টজুড়ে এটি তার প্রথম উপস্থিতি, আর সেটি হয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচেই।
বাংলাদেশ সময় শনিবার রাতে ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটি উপলক্ষে স্টেডিয়ামে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, কূটনীতিক, ক্রীড়া কর্মকর্তা ও তারকারা।
কিক-অফের আগে ট্রাম্পকে দেখা যায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, রানি লেতিসিয়া, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লৌজানের সঙ্গে।
মেসি ও স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের মহারণ ঘিরে বিশ্বজুড়ে যেমন ছিল ফুটবলপ্রেমীদের উন্মাদনা, তেমনি মাঠে উপস্থিত বিশিষ্ট অতিথিদের কারণেও ফাইনালটি পেয়েছে বাড়তি গুরুত্ব।
এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পও অংশ নেবেন। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি ট্রাম্পের উপস্থিতিও বিশ্বকাপ ফাইনালের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
এদিকে ট্রাম্পের উপস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ফলে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে প্রবেশ করতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে হাজারো সমর্থককে।