ম্যাচ শুরুর চার ঘণ্টারও বেশি সময় আগে নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামের বাইরে দীর্ঘ লাইন। ছবি: বিবিসি স্পোর্টস
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। এর ফলে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল শুরুর আগে স্টেডিয়ামে প্রবেশ করতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে হাজারো সমর্থককে।
বিবিসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ৮২ হাজার ৫০০ আসনবিশিষ্ট স্টেডিয়ামে ঢুকতে অনেক সমর্থককে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।
নিরাপত্তা জোরদারের অন্যতম কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাইনাল ম্যাচটি সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করছেন। এটি ২০২৬ বিশ্বকাপে তার একমাত্র মাঠে উপস্থিত থেকে দেখা ম্যাচ।
এ কারণে ম্যাচের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। তাদের পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)-ও স্টেডিয়ামে নিরাপত্তা তল্লাশিতে অংশ নেয়। দর্শক ও সংবাদকর্মীদের বিমানবন্দরের মতো স্ক্যানিং প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রবেশ করতে হয়েছে।
একজন সংবাদকর্মী জানান, নির্ধারিত প্রবেশপথে পৌঁছানোর পর তাকে অন্য লাইনে যেতে বলা হয়, কারণ ওই গেটে ব্যাগ তল্লাশির জন্য প্রশিক্ষিত নিরাপত্তা কুকুর ছিল না।
তবে দীর্ঘ অপেক্ষার পর অধিকাংশ দর্শক কোনো জটিলতা ছাড়াই টিকিট স্ক্যান করে স্টেডিয়ামে প্রবেশ করতে পেরেছেন বলে জানা গেছে।
বিশ্বকাপের স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, ফাইনাল উপলক্ষে আগেভাগেই স্টেডিয়ামে আসা দর্শকের সংখ্যা আগের সাতটি ম্যাচের তুলনায় অনেক বেশি ছিল।
সমর্থকদের জন্য স্থানীয় সময় সকাল ১১টায়, অর্থাৎ ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়। ভিড় কমাতে পর্যায়ক্রমে আরও কয়েকটি প্রবেশপথও খুলে দেওয়া হয়।
তবে কড়া নিরাপত্তা ও দীর্ঘ সারির কারণে ম্যাচ শুরুর সময়সূচিতে কোনো বিলম্ব বা অন্য কোনো ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছে বিবিসি।