বিবিসি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ২২:৩২ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬ ২২:৩৫ পিএম
যুক্তরাষ্ট্রের হামলা পর শুক্রবার ইরানের বন্দর খামিরে ক্ষতিগ্রস্ত একটি সেতু । ছবি: টেলিগ্রাম/তাসনিম নিউজ
ইরান অভিযোগ করেছে, বিদ্যুৎকেন্দ্রসহ তাদের বেসামরিক নানা স্থাপনা যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করে ইরানের “নজরদারি কেন্দ্র, সামরিক সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্র সংরক্ষণাগার এবং সামুদ্রিক সক্ষমতার ওপর হামলা” চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি “শেষ” বলে ঘোষণা করার পর থেকে তারা টানা সপ্তম রাতের মতো বৃহস্পতিবার রাতে ইরানে হামলা চালিয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়েছে, কয়েক ঘণ্টা ধরে চালানো হামলায় “মার্কিন বাহিনী যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজসহ অন্যান্য সামরিক সক্ষমতা ব্যবহার করেছে”।
তবে তেহরানের আগের সেই দাবি যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে যে তারা ইরানের বেসামরিক অবকাঠামো, যেমন সেতু, রেলস্টেশন ও বিমানবন্দরে হামলা চালিয়েছে।
যদিও গত মঙ্গলবার ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যদি আলোচনায় ফিরে না আসে তাহলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মধ্যাঞ্চলের ইয়াজদ শহর, কেশম দ্বীপ এবং হরমুজ প্রণালির পাশে অবস্থিত বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিবিসি নিউজ ফার্সি দুটি ভিডিও যাচাই করেছে, যেখানে বন্দর আব্বাসের উত্তরে অবস্থিত শহিদ মিরজাই জোড়া টানেল ও এর আশপাশে ক্ষয়ক্ষতি এবং ধ্বংসাবশেষ দেখা যায়।
স্থানীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জাস্কের কাছে একটি স্থাপনায় বিদ্যুৎ অবকাঠামো ও লবণমুক্তকরণ পাম্পে হামলার কারণে ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানযোগ্য পানি থেকে বঞ্চিত হয়েছে।
এদিকে, উত্তর হরমোজগান প্রদেশে ১০০টিরও বেশি টেলিযোগাযোগ টাওয়ার অচল হয়ে গেছে, যার ফলে ল্যান্ডলাইন, মোবাইল ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় “৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত” হয়েছেন।
ইরান এটাও জানিয়েছে, আঘাতের জবাবে তারা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে কুয়েত রয়েছে, যারা জানিয়েছে একটি বিদ্যুৎকেন্দ্র ও একটি তেল স্থাপনায় হামলা হয়েছে।
যুদ্ধ বন্ধে আলোচনার সুযোগ তৈরি করতে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।
যুদ্ধবিরতি মোটামুটি মেনে চলা হয়েছিল। যদিও তেহরান পরে দাবি করে, হরমুজ প্রণালি অতিক্রমের আগে জাহাজগুলোকে অনুমোদন নিতে বাধ্য করার উদ্দেশ্যে তেলবাহী জাহাজে হামলা চালিয়েছিল তারা। জাহাজ চলাচলে ইরানের ওই হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে।
আলোচনা শুরু হলেও এতে কোনো অগ্রগতি হয়নি বলে দেখা যায় এবং গত সপ্তাহে ট্রাম্প যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দেন।
এর পর থেকে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করেছে।
ইরান হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং সেখান দিয়ে চলাচল প্রায় থেমে গেছে।
বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আগে এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।