× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পেনে অনথিভুক্ত অভিবাসীদের নিয়মিতকরণ: অর্থনীতির প্রয়োজন, নাকি রাজনৈতিক ঝুঁকি?

নুরুল ওয়াহিদ, স্পেন থেকে

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ২১:৫১ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৬ ২২:১৯ পিএম

স্পেন সরকারের প্রত্যাশা ছিল প্রায় ৫ লাখ মানুষ নিয়মিতকরণ কর্মসূচির সুযোগ নেবেন। ছবি: ল্য মঁদ

স্পেন সরকারের প্রত্যাশা ছিল প্রায় ৫ লাখ মানুষ নিয়মিতকরণ কর্মসূচির সুযোগ নেবেন। ছবি: ল্য মঁদ

ইউরোপের অনেক দেশ যখন অনিয়মিত অভিবাসন ঠেকাতে সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করছে, তখন ভিন্ন পথে হাঁটছে স্পেন। দেশটির সমাজতান্ত্রিক সরকার অনথিভুক্ত অভিবাসীদের জন্য বিশেষ নিয়মিতকরণ কর্মসূচি চালু করেছে। সরকারের প্রত্যাশা ছিল প্রায় ৫ লাখ মানুষ এ সুযোগ নেবেন। তবে আবেদন জমা পড়েছে ১১ লাখ ৭৪ হাজার ৯৭৮টি, যা প্রত্যাশার দ্বিগুণেরও বেশি। 

স্পেন সরকার ২০২৬ সালের ১৪ এপ্রিল রয়্যাল ডিক্রি ৩১৬/২০২৬ অনুমোদন করে। পরদিন ১৫ এপ্রিল এটি সরকারি গেজেটে (বিওই) প্রকাশিত হয় এবং ১৬ এপ্রিল থেকে কর্মসূচি কার্যকর হয়। আবেদন গ্রহণ চলে ৩০ জুন পর্যন্ত। এটি কোনো সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) নয়; বরং নির্দিষ্ট শর্ত পূরণকারী অনথিভুক্ত অভিবাসীদের জন্য সময়সীমাবদ্ধ বিশেষ নিয়মিতকরণ কর্মসূচি। 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকার শুরু থেকেই বলছে, দেশটির জনসংখ্যাগত সংকট এবং শ্রমবাজারের বাস্তবতা বিবেচনায় অভিবাসীদের প্রয়োজন রয়েছে। জন্মহার কমে যাওয়া, প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি এবং কর্মক্ষম মানুষের ঘাটতি স্পেনের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

অন্তর্ভুক্তি, সামাজিক নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক মন্ত্রী এলমা সাইজের ভাষায়, “স্পেনের উন্নয়ন ও কল্যাণ রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা টিকিয়ে রাখতে অভিবাসীদের অবদান অপরিহার্য”।

সরকারের তথ্য অনুযায়ী, কৃষি, নির্মাণ, পরিবহন, সামাজিক পরিচর্যা এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে অভিবাসীরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। এসব খাতে স্থানীয় কর্মী দিয়ে সব শূন্যপদ পূরণ করা সম্ভব হচ্ছে না। 

সরকারের মতে, অনথিভুক্ত অভিবাসীরা বৈধ মর্যাদা পেলে তারা আনুষ্ঠানিক শ্রমবাজারে যুক্ত হবেন, কর পরিশোধ করবেন এবং সামাজিক নিরাপত্তা তহবিলে নিয়মিত অবদান রাখবেন। এতে অনানুষ্ঠানিক অর্থনীতি ছোট হবে এবং শ্রম শোষণও কমবে।

সরকার এর আগে ধারণা দিয়েছিল, এই কর্মসূচির আওতায় প্রায় পাঁচ লাখ মানুষ বৈধ হওয়ার সুযোগ পাবেন। তবে আবেদন সংখ্যা প্রত্যাশার অনেক বেশি হওয়ায় এখন প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করা হচ্ছে।

সবাই কি বৈধ হবেন?

না। আবেদন করলেই বৈধ হওয়া যাবে না। প্রত্যেক আবেদনকারীকে নির্ধারিত সময়ের আগে স্পেনে বসবাসের প্রমাণ, অপরাধমূলক রেকর্ড না থাকা এবং আইনে নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে। যোগ্য বিবেচিত ব্যক্তিদের এক বছরের আবাসন ও কাজের অনুমতি দেওয়া হবে, যা পরে নবায়নের সুযোগ থাকবে। 

সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ লাখের বেশি আবেদন ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে ৬ লাখ ৯ হাজার ৭৩৭ জনকে আবেদন যাচাই চলাকালে অস্থায়ীভাবে বৈধভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। 

তবে এই কর্মসূচি নিয়ে বিরোধী দলগুলোর আপত্তিও রয়েছে। তাদের অভিযোগ, গণহারে নিয়মিতকরণ ভবিষ্যতে আরও অনিয়মিত অভিবাসনকে উৎসাহিত করতে পারে। পাশাপাশি আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি সেবার ওপর অতিরিক্ত চাপ পড়ার আশঙ্কাও রয়েছে। এ নিয়ে আদালতেও চ্যালেঞ্জ করা হয়েছে সরকারি সিদ্ধান্তকে। 

অন্যদিকে সরকার বলছে, এটি সীমান্ত উন্মুক্ত করার উদ্যোগ নয়; বরং বহু বছর ধরে স্পেনে বসবাস ও কাজ করা অনথিভুক্ত মানুষকে আইনি কাঠামোর মধ্যে আনার একটি বাস্তবসম্মত পদক্ষেপ।

বিশ্লেষকদের মতে, স্পেনের এই উদ্যোগের পেছনে যেমন মানবিক বিবেচনা রয়েছে, তেমনি রয়েছে অর্থনৈতিক প্রয়োজনও। ইউরোপের অন্যতম নিম্ন জন্মহার, দ্রুত বার্ধক্যের দিকে যাওয়া জনসংখ্যা এবং শ্রমিক সংকট মোকাবিলায় অভিবাসীদের ওপর নির্ভরশীলতা বাড়ছে।

তবে এই কর্মসূচির চূড়ান্ত সফলতা নির্ভর করবে কতজন আবেদনকারী বৈধ মর্যাদা পান, তারা কতটা আনুষ্ঠানিক শ্রমবাজারে যুক্ত হন এবং ভবিষ্যতে অনিয়মিত অভিবাসনের প্রবণতা বাড়ে কি না, তার ওপর।

স্পেনের এই উদ্যোগ ইতোমধ্যেই ইউরোপজুড়ে অভিবাসন নীতির অন্যতম আলোচিত উদাহরণ হয়ে উঠেছে। আগামী কয়েক মাসে আবেদন যাচাইয়ের ফলাফলই বলে দেবে, সরকারের এই সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে কতটা সফল এবং রাজনৈতিকভাবে কতটা টেকসই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা