× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমুদ্রে নিখোঁজ পাঁচ শতাধিক রোহিঙ্গা, কী ঘটেছিল?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৮:২৭ পিএম

ইন্দোনেশিয়ার আচেহ উপকূলের কাছে রোহিঙ্গা বহনকারী নৌকা। ফাইল ছবি/এএফপি

ইন্দোনেশিয়ার আচেহ উপকূলের কাছে রোহিঙ্গা বহনকারী নৌকা। ফাইল ছবি/এএফপি

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ২৯ জুন দুটি নৌকায় করে প্রায় ৫৩০ জন রোহিঙ্গা আশ্রয়প্রার্থী যাত্রা করেছিলেন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। অর্থাৎ, একটি বড় যাত্রীবাহী বিমানের সমপরিমাণ মানুষ যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছে।

রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া নিখোঁজ দুটি নৌকার বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। বিভিন্ন সূত্র ও বিচ্ছিন্ন তথ্য বিশ্লেষণ করে তিনি নিশ্চিত হয়েছেন যে, আরাকান আর্মি নিয়ন্ত্রিত সিন তেত মাও গ্রাম থেকে ২৯ জুন সকালে একটি এবং বিকালে আরেকটি নৌকা যাত্রা শুরু করেছিল।

তার মতে, নৌকাগুলোর গন্তব্য ছিল মিয়ানমারের দক্ষিণ উপকূল। সেখানে যাত্রীদের নামিয়ে সড়কপথে বনাঞ্চলের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প হয়ে থাইল্যান্ড পেরিয়ে মালয়েশিয়া সীমান্তে নেওয়ার পরিকল্পনা ছিল। সাধারণত যাত্রার এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে পরিবারের সদস্যরা তাদের কাছ থেকে খবর পান। কিন্তু প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এবার কোনো যোগাযোগ হয়নি।

তিনি জানান, বর্ষা মৌসুম শুরু হয়ে যাওয়ায় সমুদ্র ছিল উত্তাল। পুরোনো মাছ ধরার ট্রলারকে সামান্য পরিবর্তন করে অতিরিক্ত যাত্রী বহনের জন্য ব্যবহার করা হচ্ছিল। এসব নৌকার ইঞ্জিনও ছিল অনির্ভরযোগ্য। ধারণা করা হচ্ছে, দুটি নৌকাই উত্তাল সাগরে ডুবে গেছে এবং কেউই বেঁচে নেই। নিখোঁজদের মধ্যে প্রায় অর্ধেকই নারী ও শিশু ছিলেন। 

বাংলাদেশের উপকূলে এক নারীর মরদেহ ভেসে এসেছে। এছাড়া ইরাবতী বদ্বীপ থেকে মন রাজ্যের উপকূল পর্যন্ত সাগরে মাছ ধরার সময় জেলেরা আরও কয়েকটি মরদেহ দেখতে পান।

ক্রিস লেওয়ার ধারণা, এসব তথ্য থেকে বোঝা যায় একটি নৌকা যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই ডুবে যায়, আর অন্যটি কয়েক দিন দক্ষিণ-পূর্ব দিকে এগোনোর পর দুর্ঘটনার শিকার হয়।

তবে প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা হয়তো কখনোই নিশ্চিতভাবে জানা যাবে না।

বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। সেখানে আন্তর্জাতিক সহায়তা কমে যাচ্ছে, কর্মসংস্থানের সুযোগ প্রায় নেই এবং সংঘবদ্ধ অপরাধচক্রের দৌরাত্ম্য বেড়েছে। শরণার্থীদের ক্যাম্পের বাইরে যাওয়ারও অনুমতি নেই।

অন্যদিকে, রাখাইনে এখনো প্রায় ছয় লাখ রোহিঙ্গা রয়েছেন। তাদের এক-চতুর্থাংশ মানবেতর পরিবেশে বাস্তুচ্যুতদের (আইডিপি) শিবিরে বাস করছেন। বাকিরা যুদ্ধরত পক্ষগুলোর মাঝখানে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন।

মিয়ানমারের সামরিক জান্তা তাদের জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। আবার আরাকান আর্মিও রোহিঙ্গাদের সন্দেহের চোখে দেখে এবং তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে অনেক রোহিঙ্গার কাছে অন্য দেশে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।

ইতোমধ্যে মালয়েশিয়ায় প্রায় দুই লাখ রোহিঙ্গা বসবাস করায় দেশটি তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াজুড়ে মানবপাচারকারীদের একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে।

পাচারকারীদের কৌশল খুবই সহজ- যত বেশি সম্ভব মানুষকে একটি নৌকায় তোলা, নজর এড়িয়ে মালয়েশিয়ার পথে পাঠানো এবং পরিবারের কাছ থেকে জনপ্রতি প্রায় ৩ হাজার মার্কিন ডলার আদায় করা।

যেসব পরিবারের সদস্যরা টাকা দিতে ব্যর্থ হন, তাদের স্বজনদের আটক রেখে নির্যাতন করা হয়। অনেক সময় নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দিতে চাপ সৃষ্টি করা হয়। বছরের পর বছর পাচারের রুট বদলেছে, কিন্তু এই নিষ্ঠুর ব্যবসার ধরন বদলায়নি।

ক্রিস লেওয়ার হিসাব অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার রোহিঙ্গা নৌকায় করে বাংলাদেশ ও মিয়ানমার ছেড়েছেন। আগের বছরের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

জাতিসংঘ রোহিঙ্গাদের জন্য নিরাপদ অভিবাসনপথ তৈরির আহ্বান জানিয়েছে। তবে এ অঞ্চলের কোনো দেশই তাদের আশ্রয় দিতে আগ্রহী নয়। ফলে এখন পর্যন্ত কোনো সরকারই তাদের এই বিপজ্জনক যাত্রাকে নিরাপদ করার উদ্যোগ নেয়নি।

সূত্র: বিবিসি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা