× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বদলে যাচ্ছে ইউরোপের সামরিক কৌশল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৪:০০ পিএম

ইউক্রেনীয় সেনাবাহিনীর পদাতিক ব্রিগেডের এক সৈনিক কাছাকাছি ব্যবহারের জন্য একটি ড্রোন পরীক্ষা করার সময় সেটি ধরে ফেলেন। ছবিটি ২০২২ সালের ২৫শে নভেম্বর ইউক্রেনের বাখমুতের কাছে তোলা। ছবি: রয়টার্স

ইউক্রেনীয় সেনাবাহিনীর পদাতিক ব্রিগেডের এক সৈনিক কাছাকাছি ব্যবহারের জন্য একটি ড্রোন পরীক্ষা করার সময় সেটি ধরে ফেলেন। ছবিটি ২০২২ সালের ২৫শে নভেম্বর ইউক্রেনের বাখমুতের কাছে তোলা। ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ইউরোপ।

মহাদেশটির ভবিষ্যৎ নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে এখন চলে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইওয়ালা ড্রোন ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার।

প্রতিরক্ষা খাতে এই প্রযুক্তিতে ইউরোপীয় দেশগুলো এখন বিপুল বিনিয়োগ করছে। খবর সিএনবিসির।

সামরিক কৌশলের এই দ্রুত পরিবর্তনের গতিকে আরও স্পষ্ট করে তুলেছে দুই সপ্তাহের বেশকিছু বড় ঘোষণা।

ড্রোনের সুরক্ষায় নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটো, যেখানে যুক্তরাজ্য ড্রোন ও ড্রোন-বিধ্বংসী ব্যবস্থার জন্য শতকোটি পাউন্ড বরাদ্দ করেছে।

ইউক্রেনের জন্য জার্মানি ৫০ হাজার ড্রোন সংগ্রহের পদক্ষেপ নিয়েছে এবং প্রতিরক্ষা প্রযুক্তি খাতের স্টার্টআপ ‘হেলসিং’ ১ হাজার ৮০০ কোটি ডলার পেয়েছে। 

খবরে বলা হয়েছে, এসব ঘটনা সামরিক পরিকল্পনার বড় ধরনের পটপরিবর্তনেরই ইঙ্গিত বহন করে। যুদ্ধক্ষেত্রে ড্রোন ও স্বয়ংক্রিয় বিভিন্ন ব্যবস্থা একসময় কেবল বিশেষ কিছু প্রয়োজনে ব্যবহৃত হলেও এখন তা আধুনিক যুদ্ধকৌশলের মূল চালিকাশক্তিতে পরিণত হচ্ছে। এ নতুন ধারা কেবল ড্রোন নির্মাতাদের জন্যই নয়; বরং এআই, সফটওয়্যার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করা বিভিন্ন কোম্পানির জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

বাজার গবেষণা কোম্পানি ‘মর্নিংস্টার’-এর বিশ্লেষক লোরেদানা মুহাররেমি বলেছেন, ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থা বহুমাত্রিক যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে। যেমন একটি ট্যাংক এখন কেবল গোলাবারুদই ছুড়বে না, একই সঙ্গে ড্রোন উৎক্ষেপণ করবে, স্যাটেলাইট ও চালকহীন আকাশযান থেকে সরাসরি লক্ষ্যবস্তুর লাইভ ডেটা গ্রহণ করবে, পুরো যুদ্ধক্ষেত্রে তথ্য আদান-প্রদান করবে এবং সমন্বিত নেটওয়ার্ক ফোর্সের অংশ হিসেবে কাজ করবে।

ইউক্রেন যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা ও মধ্যপ্রাচ্যে ইরানের তৈরি কম খরচের ‘শাহেদ’ ড্রোনের ব্যবহার প্রমাণ করেছে, তুলনামূলকভাবে সাশ্রয়ী এআই ড্রোন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এগুলো নিখুঁতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে, প্রচলিত অস্ত্রের আক্রমণ সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিতে এবং দিন দিন মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা এখন আমূল বদলে দিচ্ছে পুরো ইউরোপের সামরিক কেনাকাটা ও প্রতিরক্ষা কৌশল।

আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন কীভাবে যুদ্ধের গতিপথ নির্ধারণ করছে তা মাথায় রেখেই সামরিক সক্ষমতা বাড়াতে শতকোটি ডলারের নতুন সব মহাপরিকল্পনা নিচ্ছে পশ্চিমা দেশগুলো।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জোটের সামরিক বাহিনীকে ‘ড্রোন-রেডি’ বা ড্রোনের মুখে পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, ন্যাটোর বিভিন্ন সদস্য দেশ আগামী পাঁচ বছরে ড্রোন-বিধ্বংসী সক্ষমতা বাড়াতে ৪ হাজার কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে মার্ক রুটে বলেছেন, আধুনিক সমর কৌশলের চরিত্রকে মৌলিকভাবে বদলে দেওয়া ও যুদ্ধক্ষেত্রে প্রধান উপাদান হিসেবে আবির্ভূত হয়েছে ড্রোন।

একই পথে হাঁটছে যুক্তরাজ্যও। গত জুনের শেষদিকে প্রকাশিত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার আওতায় নিজেদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে ও ড্রোনের রূপান্তরের লক্ষ্যে প্রায় ৬৭০ কোটি ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ সরকার।

ইউক্রেনের জন্য সহায়তার হাত আরও বাড়িয়েছে জার্মানি। প্রতিরক্ষা বিষয়ক সফটওয়্যার নির্মাতা কোম্পানি ‘অটেরিয়ন’ ও ইউক্রেইনীয় ড্রোন নির্মাতা ‘স্কাইফল’ যৌথভাবে ৫০ হাজার ড্রোনের বড় ক্রয়াদেশ পেয়েছে, যার মূল্য প্রায় ৯ কোটি ইউরো।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা