× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের

বিবিসি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১২:৩৭ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৬ ১২:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এক বিশেষ ভাষণে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

 হোয়াইট হাউজ থেকে দেওয়া বৃহস্পতিবার এক সরাসরি ভাষণে তিনি দাবি করেন, ২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছিল এবং আমেরিকার বর্তমান ভোটিং সিস্টেমে ‘ভয়াবহ দুর্বলতা’ রয়েছে।

২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর থেকেই ট্রাম্প কোনো অকাট্য প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপি ও বিদেশি হস্তক্ষেপের অভিযোগ করে আসছেন।

আধা ঘণ্টার এই ভাষণে ট্রাম্প জানান, তিনি শত শত গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন, যা প্রমাণ করে যে বেইজিং তৎকালীন নির্বাচনে বাইডেনের পক্ষে জনমত গড়ার চেষ্টা করেছিল। তবে ইউএস গোয়েন্দা সংস্থাগুলো এর আগেই এক প্রতিবেদনে জানিয়েছিল যে, ২০২০ সালের নির্বাচনে চীন কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।

ভাষণ চলাকালে ট্রাম্পের পাশে তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকলেও সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি।

ভোটার তথ্য চুরির অভিযোগ

ট্রাম্প অভিযোগ করেন, চীন প্রায় ২২০ মিলিয়ন ইউএস ভোটারের ব্যক্তিগত তথ্য ‘অবৈধভাবে সংগ্রহ’ করেছে। তিনি দাবি করেন, ১৮টি অঙ্গরাজ্যের ভোটার তথ্য চীন ‘কিনেছে, চুরি করেছে অথবা হ্যাক করেছে’। দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি জানলেও তারা সরকার বা কংগ্রেসকে আড়াল রেখেছেন বলে তিনি অভিযোগ তোলেন। তবে এই তথ্য ব্যবহার করে চীন কীভাবে নির্বাচনি ফলাফল পরিবর্তন করেছে, সে বিষয়ে ট্রাম্প কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

চীন ও ডেমোক্র্যাটদের প্রতিক্রিয়া

ট্রাম্পের এই ভাষণের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস রয়টার্সকে জানিয়েছে, বেইজিং কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

অন্যদিকে, ডেমোক্র্যাটরা ট্রাম্পের এই বক্তব্যকে আসন্ন নভেম্বর নির্বাচনের নিরাপত্তা নিয়ে জনমনে সংশয় তৈরির একটি অপচেষ্টা হিসেবে দেখছেন। সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, “আমেরিকায় ভোটাররাই তাদের নেতা নির্বাচন করেন, উল্টোটা নয়। ডোনাল্ড ট্রাম্পের যেকোনো বাধা বা হস্তক্ষেপ ছাড়াই যাতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে ডেমোক্র্যাটরা লড়াই চালিয়ে যাবে।”

গোয়েন্দা প্রতিবেদনের বিপরীত দাবি

ট্রাম্পের এসব দাবিতে ইউএস গোয়েন্দা সংস্থাগুলোর পূর্ববর্তী মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। ২০২১ সালে ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বেইজিং নির্বাচনি ফলাফল পরিবর্তনের কোনো ঝুঁকি নিতে চায়নি, কারণ এতে হিতে বিপরীত হওয়ার ভয় ছিল।

ভাষণটি এমন এক সময়ে এলো যখন ওয়াশিংটন পোস্ট-ইপসোসের এক নতুন জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৭ শতাংশে দাঁড়িয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে ভোটারদের মধ্যে ব্যাপক হতাশা লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচন ব্যবস্থায় সংস্কারের ডাক

ভাষণে ট্রাম্প আরও অভিযোগ করেন, মিশিগানে একটি ডেমোক্র্যাটপন্থী গ্রুপ ভোটার নিবন্ধনে জালিয়াতি করলেও এফবিআই সময়মতো ব্যবস্থা নিতে বাধা দিয়েছে। এছাড়া প্রায় ২ লাখ ৭৮ হাজার অ-নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছে বলেও তিনি দাবি করেন।

বক্তব্যের শেষে তিনি ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাশের জোরালো আহ্বান জানান। এই আইনে ডাকযোগে ভোট দেওয়া সীমিত করা, ভোটার নিবন্ধনে নাগরিকত্বের প্রমাণ এবং ভোট দেওয়ার সময় ছবিযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। 

বিলটি বর্তমানে সিনেটে আটকে রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা