× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১৭ বছরের বিভাজনের অবসান: স্পেন-জিব্রাল্টার সীমান্তে হলো অবাধ চলাচল শুরু

নুরুল ওয়াহিদ, স্পেন থেকে

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৭:০৫ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১৭:৫২ পিএম

স্পেন ও জিব্রালটারের সীমান্ত। ছবি: ফ্রন্স ২৪

স্পেন ও জিব্রালটারের সীমান্ত। ছবি: ফ্রন্স ২৪

ইউরোপের দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার অবসান ঘটিয়ে এক নতুন ইতিহাসের সূচনা হয়েছে স্পেন ও জিব্রাল্টার সীমান্তে। 

১১৭ বছর ধরে বিভাজনের প্রতীক হয়ে থাকা সীমান্ত বেড়া ‘লা ভেরখা’র নিয়মিত তল্লাশি তুলে দেওয়ার মাধ্যমে বুধবার থেকে কার্যকর হয়েছে ঐতিহাসিক জিব্রাল্টার চুক্তি। ব্রেক্সিট-পরবর্তী এই চুক্তির ফলে স্পেনের কাদিস প্রদেশের লা লিনিয়া দে লা কনসেপসিওন শহর এবং ব্রিটিশ শাসিত জিব্রাল্টারের মধ্যে শুরু হলো মানুষের অবাধ চলাচল।

এর একদিন আগে ১৪ ই জুলাই ব্রাসেলসে যুক্তরাজ্যের ইউরোপবিষয়ক মন্ত্রী স্টিফেন ডাউটি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মারোশ শেফচোভিচ চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ২০২০ সালে ব্রেক্সিট কার্যকর হওয়ার পর শুরু হওয়া দীর্ঘ ও জটিল আলোচনার সফল সমাপ্তি ঘটে। চুক্তিটি ১৫ জুলাই থেকে অস্থায়ীভাবে কার্যকর হয়েছে এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট আইনসভাগুলোর অনুমোদনের পর স্থায়ীভাবে কার্যকর হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গনমাধ্যম গো ইউকে।

সীমান্তে ঘুচল দীর্ঘ প্রতীক্ষার ভোগান্তি

নতুন এই ব্যবস্থার ফলে স্পেন ও জিব্রাল্টারের স্থলসীমান্তে নিয়মিত পাসপোর্ট পরীক্ষা ও ইমিগ্রেশন চেক বন্ধ করা হয়েছে। ফলে প্রতিদিন সীমান্ত অতিক্রম করে কর্মস্থলে যাতায়াতকারী প্রায় ১৫ হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। অতীতে যেখানে সীমান্তে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, এখন সেখানে মাত্র কয়েক মিনিটেই যাতায়াত করা সম্ভব হচ্ছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব

জিব্রাল্টার ভৌগোলিকভাবে স্পেনের দক্ষিণ উপকূলে অবস্থিত হলেও ১৭১৩ সালের ‘ইউত্রেখট’ চুক্তির অধীনে এটি ব্রিটিশ শাসনাধীনে যায়। দীর্ঘ সময় ধরে এর সার্বভৌমত্ব নিয়ে লন্ডন ও মাদ্রিদের মধ্যে বিরোধ চলে আসছে। ১৯০৯ সালে সীমান্তে প্রথম বেড়া নির্মাণ করা হয়। এরপর ১৯৬৯ সালে স্পেনের তৎকালীন স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কো পুরো সীমান্ত বন্ধ করে দিয়েছিলেন, যা ১৯৮২ সালে আংশিক এবং ১৯৮৫ সালে পুরোপুরি পুনরায় উন্মুক্ত করা হয়েছিল। ব্রেক্সিটের পর এই সীমান্তের ভবিষ্যৎ নিয়ে আবারও গভীর অনিশ্চয়তা তৈরি হয়, যা বর্তমান চুক্তির মাধ্যমে নিরসন হলো।

শেনজেন ব্যবস্থার সঙ্গে নতুন সম্পর্ক

চুক্তির শর্তানুযায়ী, জিব্রাল্টার এখন থেকে ইউরোপের ‘শেনজেন’ ভ্রমণ অঞ্চলের নিয়ম অনুসরণ করবে। ফলে স্পেন ও জিব্রাল্টারের স্থলসীমান্ত কার্যত উন্মুক্ত থাকলেও, জিব্রাল্টারের বিমানবন্দর ও সমুদ্রবন্দরে শেনজেন বিধি অনুযায়ী কঠোর ইমিগ্রেশন পরীক্ষা চালু থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই পরীক্ষাগুলো মূলত স্প্যানিশ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

সার্বভৌমত্বে আসেনি কোনো পরিবর্তন

চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এটি মূলত সীমান্ত ব্যবস্থাপনা, অবাধ চলাচল ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়। এই চুক্তির ফলে জিব্রাল্টারের ওপর যুক্তরাজ্যের সার্বভৌমত্ব বা স্পেনের দাবির কোনো আইনি পরিবর্তন হবে না। দুই পক্ষই তাদের নিজ নিজ রাজনৈতিক অবস্থানে অনড় থেকে মানুষের কল্যাণে এই সমঝোতায় পৌঁছেছে।

অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের আশা

বিশ্লেষকদের মতে, সীমান্ত উন্মুক্ত হওয়ায় জিব্রাল্টার ও পার্শ্ববর্তী স্প্যানিশ অঞ্চলগুলোর অর্থনীতি আরও শক্তিশালী হবে। পর্যটন, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায় নতুন গতি সঞ্চার হবে। এছাড়া দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হওয়ায় এই অঞ্চলে নতুন বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হয়েছে।

উৎসবমুখর দুই সীমান্ত

চুক্তি কার্যকর হওয়ার পর বুধবার ভোর থেকেই লা লিনিয়া ও জিব্রাল্টার সীমান্তে উৎসবের আমেজ দেখা যায়। শত শত মানুষ এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে সীমান্তে জড়ো হন। জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফ্যাবিয়ান পিকার্ডো একে ‘নতুন যুগের সূচনা’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, “এই চুক্তি দুই অঞ্চলের মানুষের মধ্যে সমৃদ্ধি, সহযোগিতা ও পারস্পরিক আস্থার এক নতুন ভিত্তি তৈরি করবে।"

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা