× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি মন্ত্রী, নজিরবিহীন উস্কানি বললেন সংশ্লিষ্টরা

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ১৬:২৮ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১৬:৫০ পিএম

আল-আকসা মসজিদ এলাকার একটি সাধারণ দৃশ্য। ছবি : সংগৃহীত

আল-আকসা মসজিদ এলাকার একটি সাধারণ দৃশ্য। ছবি : সংগৃহীত

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-জিভির মঙ্গলবার ভোরে এক ঝটিকা সফরে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে (কম্পাউন্ড) টহল দিয়েছেন। শপথ গ্রহণের এক সপ্তাহের মাথায় এই বিতর্কিত সফর করলেন তিনি। বেন-জিভির আল-আকসা প্রাঙ্গণে প্রবেশকে ‘নজিরবিহীন উস্কানি’ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে ব্যাপক নিরাপত্তা নিয়ে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন ইতামার বেন-জিভির। ১৩ মিনিট অবস্থানকালে ছোট ছোট স্থাপনায় ঠাসা প্রাঙ্গণটির বিভিন্ন গলিতে পায়চারি করেন তিনি।

পরে বেন-জিভির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘হামাসের হুমকির কাছে নতি স্বীকার করবে না আমাদের সরকার।’ এক টুইটে বেন-জিভির লেখেন, ‘এ জায়গাটি সবার জন্য উন্মুক্ত। হামাস যদি মনে করে হুমকি-ধমকি দিয়ে তারা আমাকে (আকসা প্রাঙ্গণে প্রবেশ থেকে) বিরত রাখতে পারবে, তা ভুল। তাদের বোঝা উচিত, সময় বদলে গেছে।’

বেন-জিভির আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের পর হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, ‘আমাদের পুণ্যভূমি ও আরব পরিচয়ের ওপর জায়োনিস্ট দখলদারি আগ্রাসন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি জনগণ তাদের পুণ্যভূমি ও আল-আকসার পবিত্রতা রক্ষার সংগ্রাম অব্যাহত রাখবে।’

গত সপ্তাহে শপথ গ্রহণ করেই আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের ঘোষণা দেন বেন-জিভির। কিন্তু বিভিন্ন পক্ষের সমালোচনার মুখে সেই পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন। তার পরও অনেকটা চুপিসারে তাড়াহুড়া করে আল-আকসা প্রাঙ্গণ টহল দিয়ে গেলেন চরম ডানপন্থি এই রাজনীতিবিদ। 

এই প্রাঙ্গণের গুরুত্ব

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববীর পর মুসলমানদের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ আল-আকসা। ১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম নিয়ন্ত্রণে নেওয়ার পর এই মসজিদ প্রাঙ্গণের মর্যাদা নিয়ে দীর্ঘ বিতর্ক হয়। বিতর্ক শেষে সিদ্ধান্ত হয়, আল-আকসা প্রাঙ্গণে শুধু মুসলমানরাই নামাজ আদায় করবে।

ওই ধরনের সিদ্ধান্ত সত্ত্বেও আল-আকসা প্রাঙ্গণ নিয়ে চরম ডানপন্থি ইসরায়েলি রাজনীতিবিদ ও ধর্মীয় নেতাদের একাংশ বিভিন্ন সময়ে উস্কানিমূলক আচরণ করেছেন। বিবৃতি দিয়েছেন ও নিজেদের অবস্থান ঘোষণা করেছেন।

আল-আকসা নিয়ে সংঘাত

এর আগে আল-আকসা নিয়ে ইসরায়েল-ফিলিস্তিনিদের মধ্যে বড় ধরনের অনেক সংঘাত হয়েছে। এসব সংঘাতে শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এসব সংঘাতের মধ্যে ২০০০ সালে শুরু হওয়া দ্বিতীয় ইনতিফাদা বা ফিলিস্তিনিদের ইসরায়েলবিরোধী গণজাগরণ অন্যতম। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের কিছুদিন আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করলে ওই ইনতিফাদা শুরু হয়।

দ্বিতীয় উল্লেখযোগ্য সংঘাতের মধ্যে ২০২১ সালের মে মাসের ইসরায়েল-হামাস ‘যুদ্ধ’ অন্যতম। ১১ দিনের ওই যুদ্ধে ইসরায়েলি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়, যার মধ্যে শিশু ৬৬ জন। আর হামাসের রকেট হামলায় নিহত হয় ইসরায়েলের ১৩ বাসিন্দা। ধ্বংস হয় অবরুদ্ধ গাজা উপত্যকার কয়েকশ ঘরবাড়ি। উদ্বাস্তু হয় হাজার হাজার ফিলিস্তিনি।

ফিলিস্তিনিদের ভয়

বেন-জিভির অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনের কট্টর সমর্থক। ফিলিস্তিনিদের শঙ্কা, আল-আকসা প্রাঙ্গণের স্ট্যাটাস ক্যু বা আইনি মর্যাদা বদলাতে চান বেন-জিভির। মঙ্গলবারের সফর তারই ইঙ্গিত। এই প্রাঙ্গণে ইহুদিদের একটি সিনাগগ বা উপাসনালয় প্রতিষ্ঠারও পক্ষে বেন-জিভির।

জেরুজালেমভিত্তিক বিশ্লেষক নাসের আল-হিদমি আলজাজিরাকে বলেন, ‘বেন-জিভির আকসা প্রাঙ্গণে প্রবেশ, একটি প্রকাশ্য ঘোষণা বা স্টেটমেন্ট। তিনি বোঝাতে চান, আল-আকসা মসজিদের ওপর তাদের সার্বভৌমত্ব রয়েছে। ইসরায়েলের নতুন সরকার ফিলিস্তিনি সশস্ত্র সংগ্রামের কাছে কোনোভাবেই নতি স্বীকার করবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা