বিবিসি
প্রকাশ : ১৮ ঘণ্টা আগে
আপডেট : ১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মাঝেই ইরান হামলা চালিয়ে শান্তি প্রচেষ্টায় ব্যাঘাত ঘটিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি দাবি করেছেন, গত শনিবার তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি ছিলেন। এমন সময় ইরান হঠাৎ একটি জাহাজে ড্রোন হামলা চালিয়ে সেটি ভেস্তে দেয় বলে রবিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকার বলেছেন ট্রাম্প।
ইরানি কর্মকর্তাদেরও সমালোচনা করে তিনি আরও বলেন, ”এই লোকগুলোর সমস্যা আছে”।
হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর হামলার সমুচিত জবাব ইরান পেয়েছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
“গত রাতে আমরা তাদের ওপর কঠোরভাবে হামলা চালিয়েছি,” বলেন ট্রাম্প।
এর আগে, যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনী জানিয়েছিল যে, হরমুজ প্রণালিতে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার জবাবে তারা ইরানের প্রায় দেড়শ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
“বাণিজ্যিক জাহাজগুলোতে আগের হামলার ব্যাপারে জবাবদিহি করার পর সমঝোতা স্মারক মেনে চলার প্রমাণ দেওয়ার জন্য ইরানকে আরো একটি সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আবারও ব্যর্থ হয়েছে,“ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে সেন্টকম।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই বিবৃতিটি শেয়ার করেছেন।
তিনি লিখেছেন, “ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর মূল্য দিতে হবে”।