রয়টার্স
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ ১৯:৪১ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৬ ১৯:৪২ পিএম
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। ছবি: দ্য গার্ডিয়ান
পূর্ব উপকূলে দুই দেশের সীমানা সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ এক নৌসেনার সন্ধানে উত্তর কোরিয়ার সহায়তা চেয়েছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ (ইউনিফিকেশন) মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা সচল না থাকায় সাংবাদিকদের কাছে টেক্সট মেসেজ পাঠানোর মাধ্যমে পিয়ংইয়ংয়ের প্রতি এই অনুরোধ জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, রবিবার পূর্ব সাগরে (সি অফ জাপান) কোস্ট গার্ডের দায়িত্ব পালনের সময় এক নৌসেনা নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, তিনি দুই দেশের সমুদ্রসীমা ‘নর্দার্ন লিমিট লাইন’ অতিক্রম করে উত্তর কোরিয়ার জলসীমায় ভেসে গিয়ে থাকতে পারেন।
এতে আরও বলা হয়, “আমাদের নৌবাহিনী নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে খুঁজে পেতে এবং দ্রুত ফেরত পাঠাতে আমরা উত্তর কোরিয়ার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
বিষয়টি নিয়ে লন্ডনে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত বছর দায়িত্ব গ্রহণের পর থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউংয়ের প্রশাসন পিয়ংইয়ংয়ের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে আসছে। তবে সিউলের পক্ষ থেকে বারবার আলোচনার প্রস্তাব দেওয়া হলেও উত্তর কোরিয়া তাতে সাড়া দেয়নি। উল্টো ২০২৪ সালে তারা দক্ষিণ কোরিয়াকে একটি ‘শত্রু দেশ’ হিসেবে ঘোষণা করেছে।