ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাতের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি লাল কার্ড উঁচিয়ে ধরেছেন। ছবি: রয়টার্স
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন বিতর্কের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে ফিফার একটি সিদ্ধান্ত। রাউন্ড অব ৩২-এ সরাসরি লাল কার্ড দেখার পরও শেষ ষোলোর ম্যাচে তাঁকে খেলার অনুমতি দেওয়ায় প্রশ্ন উঠেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা নিয়ে। একই সঙ্গে আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রভাবের বিষয়টিও।
বসনিয়া ও হারজেগোভিনার বিপক্ষে ম্যাচে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন বালোগুন। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক ফুটবলারের ওপর কঠোর ফাউলের ঘটনায় ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর তাঁকে সরাসরি লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। বিশ্বকাপের প্রচলিত নিয়ম অনুযায়ী এমন লাল কার্ডের শাস্তি হিসেবে পরের ম্যাচে নিষিদ্ধ থাকার কথা। কিন্তু শেষ পর্যন্ত সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ফিফা।
এই সিদ্ধান্তের পরপরই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি ওঠে, বালোগুনের বিষয়টি নিয়ে ট্রাম্প সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের কর্মকর্তারা প্রেসিডেন্টকে জানান, বালোগুন না খেললে যুক্তরাষ্ট্রের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এরপর আইনি উপায় খুঁজে বের করার নির্দেশ দেন ট্রাম্প এবং পরে ইনফান্তিনোর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, “সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ”।
তার এই মন্তব্যের পরই বিতর্ক আরও তীব্র হয়। যদিও ফিফা দাবি করেছে, তাদের শৃঙ্খলা কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং এতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না। হোয়াইট হাউসও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি।
সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছে বেলজিয়াম ফুটবল সংস্থা। এক বিবৃতিতে তারা অভিযোগ করে, বিশ্বকাপের অফিসিয়াল নিয়মের ১৬ নম্বর ধারা অনুযায়ী লাল কার্ড পাওয়া খেলোয়াড়ের পরের ম্যাচে নিষিদ্ধ থাকা বাধ্যতামূলক। সেই নিয়ম থেকে সরে এসে ফিফা নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি তাদের। বিষয়টি নিয়ে আইনি পরামর্শও নিচ্ছে বেলজিয়াম ফুটবল সংস্থা।
তবে ফিফার হাতে আরেকটি বিধানও রয়েছে। ২৭ নম্বর ধারায় বিশেষ পরিস্থিতিতে কোনো ফুটবলারের নিষেধাজ্ঞা স্থগিত রাখার ক্ষমতা রয়েছে শৃঙ্খলা কমিটির। অতীতে এই ধারার আওতায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তিন ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে এক ম্যাচ করা হয়েছিল। ফলে বালোগুনের ক্ষেত্রেও সেই বিধান প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।