× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোদি–তাকাইচির বৈঠকে ১২০টি চুক্তি স্বাক্ষর, ভারতে ১০ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ ১৪:৪১ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৬ ০০:০৭ এএম

মোদি–তাকাইচির বৈঠকে ১২০টি চুক্তি স্বাক্ষর, ভারতে ১০ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় ১২০টি সমঝোতা ও ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে আগামী ১০ বছরে ভারতে জাপানের বিনিয়োগ ১০ ট্রিলিয়ন ইয়েনে উন্নীত করার লক্ষ্যের কথাও ঘোষণা করেছেন দুই নেতা।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ভারত সফরে আসেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় ভারত–জাপান ১৬তম বার্ষিক শীর্ষ সম্মেলন। বৈঠকে উভয় দেশ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী মোদি সানায়ে তাকাইচিকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করেন। জবাবে তাকাইচি জানান, তিনি সাবেক জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে নিজের ‘বড় ভাই’ মনে করতেন। আবের সঙ্গে মোদির ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সূত্রেই তিনি এখন নরেন্দ্র মোদিকে নিজের ‘বড় ভাই’ হিসেবে বিবেচনা করেন। তিনি আরও বলেন, “আজ আমাকে ‘সুন্দর ছোট বোন’ বলে সম্বোধন করা হয়েছে। আগের আলোচনাতেই আমরা ভাই-বোনের মতো একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছিলাম।”

বৈঠক শেষে দুই নেতা চারটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। এর মধ্যে প্রতিরক্ষা খাতে দুই দেশের প্রথম যৌথ উন্নয়ন প্রকল্পের ঘোষণা বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া সামুদ্রিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি স্থিতিশীলতা, জাহাজ নির্মাণ, বায়োগ্যাস, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সানায়ে তাকাইচি জানান, ভারত ও জাপানের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ১২০টি চুক্তি স্বাক্ষর হয়েছে, যার মাধ্যমে প্রায় ২ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ১২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের পথ তৈরি হবে। তবে এটি গত বছর মোদির জাপান সফরের সময় ঘোষিত আগামী কয়েক দশকে ১০ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রার তুলনায় কম।

সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, “জাপান ও ভারত একে অপরের শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলবে। বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে এমন পরিপূরক অংশীদারিত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আগামী ১০ বছরে ভারতে জাপানের বিনিয়োগ ১০ ট্রিলিয়ন ইয়েনে উন্নীত করা হবে এবং ভারতে কার্যরত জাপানি প্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, দুই দেশ যৌথভাবে নৌবাহিনীর রেডিও অ্যান্টেনা ব্যবস্থা এবং আঞ্চলিক শান্তি, সামুদ্রিক নিরাপত্তা ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালী করতে প্রয়োজনীয় প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে কাজ করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা