১০ তলা ভবনটির ওপরের তিনটি তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। ছবি: বিবিসি
বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরের লিংকেরওভার এলাকার একটি ১০ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ৫৩ মিনিটে ভবনটির অষ্টম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আগুনের তীব্রতা ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ভবনটিতে ২০০ জনেরও বেশি বাসিন্দা থাকলেও এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানানো হয়নি।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলায় কারিগরি ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
অ্যান্টওয়ার্প পুলিশের মুখপাত্র কিম বাস্তিয়েন্স বলেন, “অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি হয়েছে। গুরুতর ও সামান্য আহতসহ বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে”।
তিনি আরও বলেন, “এটা অত্যন্ত জটিল একটা অগ্নিকাণ্ড। ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে ঠিকঠাক দেখা যাচ্ছে না। যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বেগ পেতে হচ্ছে”।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন এক ব্যক্তি শ্বাস নেওয়ার জন্য ওপরের তলার একটি বারান্দায় ঝুঁকে ছিলেন। পরে তিনি পাশের একটি জানালার দিকে সরে যান।
দশম তলার বাসিন্দা গির্ট ডিউলফ জানান, “প্রথমে বিদ্যুৎ চলে যায়। প্রায় তিন মিনিট পর ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তখনই করিডোরে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। আমরা নিজেরা নিচে নামার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। পরে নিজেদের ফ্ল্যাটে অবস্থান নিয়ে বারান্দায় অপেক্ষা করি। প্রায় ১০ মিনিট পর দমকলকর্মীরা মই ব্যবহার করে আমাদের উদ্ধার করেন”।
আরেক বাসিন্দা জেরার্ড জানান, তিনি ধোঁয়ায় ভরা একটি ফ্ল্যাট থেকে প্রতিবেশীকে বের করে আনতে সক্ষম হলেও তার পোষা বিড়ালটিকে খুঁজে পাননি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ভেভার।
বাসিন্দাদের দ্রুত ও নিরাপদে উদ্ধার এবং আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করে যাওয়া জরুরি সেবাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।