প্রবা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ১১:৪৯ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ১৩:০০ পিএম
কয়েক দিনের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ২০ জন। ছবি : সংগৃহীত
সোমালিয়া থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল সোমালিল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে কয়েক দিনের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ২০ জন।
রবিবার (১ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সরকারি হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ ফারাহ এসব তথ্য জানিয়েছেন।
সোমালিল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর লাস্কানুদে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের সহিংসতা চলছে। লাস্কানুদ নিয়ে সোমালিল্যান্ড ও প্রতিবেশী পুটল্যান্ডের মধ্যে বিরোধ রয়েছে। পুটল্যান্ড হলো সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর মধ্যে একটি।
লাস্কানুদ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ ফারাহ রয়টার্সকে বলেন, সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক ডজন লোক।
তিনি জানান, হাসপাতালে অনেকের লাশ দেখেছেন তিনি। বিক্ষোভকারীরা শহরটির নিয়ন্ত্রণ পুটল্যান্ডের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা অভিযোগও করেন, সোমালিল্যান্ডের নিরাপত্তা বাহিনী শহরটির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
বিক্ষোভকারীদের মুখপাত্র আদান জামাক ওগল জানান, ‘সোমালিল্যান্ড জোরপূর্বক লাস্কানুদ দখল করেছে। কিন্তু তারা এর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমাদের দাবি, তারা চলে যাক। আমরা প্রতিনিয়ত বেসামরিক লোকজনের রক্তপাত সহ্য করতে পারছি না ‘
এ বিষয়ে পুলিশ মুখপাত্রের কাছে মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তিনি তাতে সাড়া দেননি।
সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা খুব বেশি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। এ অঞ্চলটি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল, যখন তিন দশক ধরে সোমালিয়া গৃহযুদ্ধে জর্জরিত।
পুটল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট আহমেদ এলমি ওসমান কারাশ এ সহিংসতার জন্য সোমালিল্যান্ডের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি বলেন, ‘সোমালিল্যান্ডের সেনাবাহিনী যা করছে তা হলো বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা।’
এ বিষয়ে সোমালিল্যান্ডের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কমান্ডার মাহাদ আমবাশে এলমিও কোনো ধরনের মন্তব্য করেননি। তবে সোমালিল্যান্ডের তথ্যমন্ত্রী সালেবান আলি কুরে শনিবার এক বিবৃতিতে বিক্ষোভকারীদের আন্দোলন বন্ধ করে সরকারের সঙ্গে আলোচনা শুরু করার আহ্বান জানান।