ভূমিকম্পের পর ধ্বংস্তুপে চলছে উদ্ধার কাজ। ছবি: বিবিসি
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পর পর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৭১ জন।
দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
দেশটিতে বুধবার সন্ধ্যায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। গত এক শতাব্দীরও বেশি সময়ে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম এটি।
পর পর শক্তিশালী দুই ভূমিকম্পে দেশটির রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর ক্ষয়-ক্ষতি হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর উত্তরের উপকূলীয় প্রদেশ লা গুয়াইরা।
৩০টিরও বেশি আফটার শক
সংসবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ভূমিকম্পের পর থেকে অন্তত ৩০টি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে। এতে উদ্ধার কার্যক্রম আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেনে উদ্ধারকারীরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলীয় শহর কাতিয়া লা মারের বিস্তীর্ণ এলাকা।
স্থানীয় বাসিন্দা ল্যারি রোহাস বলেন, “আমার পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারের জন্য আমাদের আর শক্তি বা সাহস কিছুই অবশিষ্ট নেই”।
আন্তর্জাতিক সহায়তা
এদিকে দেশটির এমন দুর্যোগে আন্তর্জাতিক সহায়তা দিচ্ছে আশপাশের দেশগুলো। ৮৫ জন বিশেষজ্ঞ উদ্ধারকর্মী পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্পেন ৫৪ সদস্যের সেনা উদ্ধারকারী দল প্রস্তুত রেখেছে, যাদের সঙ্গে থাকবে প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, উদ্ধার ক্যামেরা ও ভূকম্প শনাক্তকরণ যন্ত্র।
নেদারল্যান্ডসও উদ্ধারকর্মী, অনুসন্ধানী কুকুর ও সরঞ্জাম মোতায়েনের জন্য প্রায় ২০ লাখ ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি ও লস অ্যাঞ্জেলেস থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে স্যাটেলাইট চিত্র সরবরাহ করা হচ্ছে। ভেনেজুয়েলায় ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারেও সহায়তার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ বলেছেন, “ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রয়োজন নিরূপণে জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে এবং দ্রুত আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ”।
আইএমএফের সহায়তা
ভূমিকম্পের কারণে কারাকাস স্টক এক্সচেঞ্জে লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পুনর্গঠন কার্যক্রমের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তায় ২০ কোটি ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ।
সোর্স: আল জাজিরা, বিবিসি