আনাদোলু
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আনাদোলু
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিকে সহায়তা করতে ওয়াশিংটন প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বুধবার দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলার জনগণের ওপর আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই আকারে বিশাল এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।”
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।”
তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিতে তিনি সব ফেডারেল সংস্থাকে নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প যোগ করেন, “আমাদের নতুন এবং মহান বন্ধুদের পাশে আমরা থাকব।”
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, উত্তর ভেনেজুয়েলা জোড়া ভূমিকম্পে প্রচণ্ডভাবে কেঁপে ওঠে।
ভূমিকম্পবিদরা নিশ্চিত করেছেন, প্রথমে ইয়ারাকুই রাজ্যের রাজধানী সান ফেলিপে মিউনিসিপ্যালিটির কাছে ৭.২ মাত্রার একটি শক্তিশালী প্রাক-কম্পন আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পর, ইউমারের ঠিক দক্ষিণ-পূর্বে আরও বিধ্বংসী ৭.৫ মাত্রার মূল কম্পনটি অনুভূত হয়।
এই ভূমিকম্পটি ভেনেজুয়েলার ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে বড় এবং গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূকম্পন।
তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ এবং সরকারিভাবে মৃতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
যুক্তরাষ্ট্রের সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সহায়তা প্যাকেজের ঘোষণা দেয়নি। তবে ট্রাম্পের বক্তব্য থেকে স্পষ্ট যে, মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যালোচনার পর ওয়াশিংটন বড় ধরনের সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, দেশের উত্তর ক্যারিবীয় উপকূলে আঘাত হানা এই ভয়াবহ ভূমিকম্পের পর বুধবার গভীর রাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পুরো অঞ্চলে সুনামির সতর্কতা ও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।