আনাদোলু
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার কারাকাসে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনে উদ্ধার কাজ চলছে। ছবি: বিবিসি
ভেনেজুয়েলার উত্তর উপকূলে ১২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বুধবার বিকালে মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে দেশটি। রিখটার স্কেলে যার সর্বোচ্চ মাত্রা ছিল ৭.৫। ভয়াবহ এই ভূমিকম্পের পর ভেনেজুয়েলাসহ পার্শ্ববর্তী দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করেছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম দফায় ৭.২ মাত্রার একটি ফোরশক বা প্রাথমিক কম্পনের ঠিক পরেই ৭.৫ মাত্রার মূল ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর মোরনের কাছে এবং গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
তীব্র কম্পনে রাজধানী কারাকাসের বহু বহুতল ভবন ও ঘরবাড়ি ধসে পড়েছে। বিশেষ করে আলতামিরা এলাকায় আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধুলোর কুণ্ডলীতে ঢেকে গেছে শহরের বাণিজ্যিক এলাকা। ক্ষয়ক্ষতির কারণে কারাকাসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সিমন বলিভারের কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলগুলোকে পূর্ণ শক্তিতে মোতায়েন করা হয়েছে। বড় ধরনের আফটারশক বা পরবর্তী কম্পনের ঝুঁকি এড়াতে বাসিন্দাদের ঘরের ভেতরে না থেকে খোলা রাস্তায় অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিডব্লিউসি) ভেনেজুয়েলা উপকূলের পাশাপাশি আরুবা, বোনায়ার এবং কুরাকাও দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। এছাড়া পুয়ের্তো রিকো এবং ইউএস ভার্জিন আইল্যান্ডসেও বিশেষ সতর্কতা জারি করে সমুদ্রের জোয়ারের ওপর নজর রাখা হচ্ছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।