প্রতীকী ছবি
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতির খবর আসায় সোমবার বিশ্ববাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা কমে যাওয়ায় ইউরোপের শেয়ারবাজার স্থিতিশীল থাকে এবং তেলের দামও কমেছে।
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, দুই পক্ষ ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য একটি রোডম্যাপ তৈরিতে অগ্রগতি করেছে।
আলোচনায় অগ্রগতির ফলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১.৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯.০৭ ডলারে নেমে এসেছে। মে মাসে এই দাম ১২৬.৪১ ডলার পর্যন্ত উঠেছিল।
শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব
ইউরোপের প্রধান শেয়ার সূচক এসটিওএক্সএক্স- ৬০০ বেড়েছে ০.১৫ শতাংশ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এস অ্যান্ড পি ৫০০ ফিউচারসের প্রাথমিক ক্ষতি কমে ০.১ শতাংশে সীমাবদ্ধ হয়েছে।
এশিয়ার বাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫- ১.৬ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কেওএসপিআই-০.৭ শতাংশ বেড়েছে।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ৫৩ ডলার বা ১ দশমিক ৯০ শতাংশ হ্রাস পেয়ে ৭৯ দশমিক ০৪ ডলারে নেমে এসেছে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের প্রথম ভাগে এর মূল্য সর্বোচ্চ ৮২ দশমিক ৩০ ডলার পর্যন্ত উঠে গিয়েছিল।
অন্যদিকে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড তেলের দাম আজ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রতি ব্যারেলে মাত্র ৭ সেন্ট কমে ৭৬ দশমিক ৫৩ ডলারে দাঁড়ায়। তবে বাজারে অপেক্ষাকৃত বেশি সচল থাকা আগামী আগস্ট মাসের পরবর্তী চুক্তির তেলের দাম ৫৫ সেন্ট হ্রাস পেয়ে প্রতি ব্যারেলে ৭৫ দশমিক ৩০ ডলারে নেমে আসে। উল্লেখ্য যে একটি সরকারি ছুটির কারণে গত শুক্রবার মার্কিন জ্বালানি বাজারে তেলের মূল্যের কোনো আনুষ্ঠানিক রফা বা সেটেলমেন্ট হয়নি।
সোর্স: রয়টার্স