× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ পদত্যাগের ঘোষণা দিতে পারেন স্টারমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

কিয়ার স্টারমার। ছবি: সিএনএন

কিয়ার স্টারমার। ছবি: সিএনএন

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিজ দল লেবার পার্টির আইনপ্রণেতাদের (এমপি) প্রবল চাপের মুখে আজ সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিতে পারেন কিয়ার স্টারমার।

তার এই পদত্যাগের মধ্য দিয়ে জনপ্রিয় নেতা অ্যান্ডি বার্নহ্যামের জন্য দলের নেতৃত্ব ও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের দরজা উন্মুক্ত হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

 

রবিবার বিবিসির ‘সানডে উইথ লরা কুয়েন্সবার্গ’ অনুষ্ঠানে সরকারের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার কাইল স্টারমারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে তিনি ইঙ্গিত দেন, প্রধানমন্ত্রী বর্তমান ‘রাজনৈতিক বাস্তবতা’ সম্পর্কে পুরোপুরি সচেতন এবং তিনি দেশের জন্য কল্যাণকর সিদ্ধান্তই নেবেন। কাইল বলেন, “নেতৃত্ব নিয়ে প্রধানমন্ত্রীর সামনে কোনো চ্যালেঞ্জ নেই বা এর পেছনে কোনো শক্তি কাজ করছে নাÑ এমন বিভ্রান্তি আমি ছড়াতে চাই না। এটা স্পষ্ট যে, চ্যালেঞ্জ রয়েছে।”

 

শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে জানিয়ে কাইল আরও বলেন, “স্টারমার দেশের বর্তমান পরিস্থিতির কথা গভীরভাবে ভাবছেন”

তবে তিনি প্রধানমন্ত্রীকে কী পরামর্শ দিয়েছেন, তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান কাইল।

 

বৃহস্পতিবার মেকারফিল্ডের উপনির্বাচনে ‘রিফর্ম ইউকে’ দলের প্রার্থীকে ৯ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে চমক দেখিয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। স্টারমার পদত্যাগ করলে তিনিই হতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। লেবার পার্টির গঠনতন্ত্র অনুযায়ী, শীর্ষ নেতা হতে চাইলে কোনো এমপিকে অন্তত ৮১ জনের (২০ শতাংশ) সমর্থন পেতে হয়। গত মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া ওয়েস স্ট্রিটিং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামার ঘোষণা দিয়ে দাবি করেছেন, তার পক্ষে পর্যাপ্ত সমর্থন রয়েছে। তবে স্টারমার ও বার্নহ্যামÑ উভয় শিবিরই তার এই দাবির বিষয়ে সন্দিহান।

স্ট্রিটিংয়ের ঘনিষ্ঠ বন্ধু পিটার কাইল অবশ্য বিবিসিকে বলেছেন, দলের নেতৃত্বে যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে লেবার পার্টির উচিত রক্ষণশীলদের ভুল থেকে শিক্ষা নেওয়া। তিনি সতর্ক করে বলেন, “টোরিরা মনে করত শীর্ষ নেতা বদলালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, যা আদতে ভুল প্রমাণিত হয়েছে।”

 

যে কারণে স্টারমারের পতন: মাত্র দুই বছর আগে লেবার পার্টিকে ১৭৪টি আসনের বিশাল সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন কিয়ার স্টারমার। কিন্তু এর মধ্যেই তার জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। বয়স্কদের শীতকালীন জ্বালানি ভাতা বাতিল ও পিটার ম্যান্ডেলসনকে ওয়াশিংটনে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার মতো বিতর্কিত সিদ্ধান্ত তার সরকারকে চরম বেকায়দায় ফেলেছে।

জনমত জরিপেও লেবার পার্টির ধস নেমেছে। টানা ৩০০টির বেশি জাতীয় জরিপে এগিয়ে রয়েছে ডানপন্থী দল রিফর্ম ইউকে। লেবার এমপিদের মধ্যে এই আতঙ্ক জোরালো হচ্ছে, দলের নেতৃত্বে পরিবর্তন না আনলে আগামী নির্বাচনে নাইজেল ফারাজের কাছে তাদের চরম ভরাডুবি হবে। স্টারমার পদত্যাগ করলে গত ১০ বছরের মধ্যে যুক্তরাজ্য তাদের সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা