× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জান্তা সরকার

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১৩:২১ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২২ ১৩:৩৭ পিএম

জান্তাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং

জান্তাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং

চলমান বিদ্রোহের মধ্যে যে কোনো মূল্যে নিজের ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে মিয়ানমারের জান্তা সরকার। সে লক্ষ্য পূরণে ইতোমধ্যে পুরনো মন্ত্রীদের বরখাস্ত করে ব্যবসায়িক সূত্রে রদবদল এনে ক্ষমতায় টিকে থাকার নতুন পথ তৈরি করছেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হ্লাইং নৌ এবং বিমানবাহিনীর বেশকিছু সামরিক কর্মকর্তা, জ্যেষ্ঠ মন্ত্রীদের বরখাস্ত করেছেন। এ ছাড়া বাদ দিয়েছেন পুরনো ব্যবসায়িক মিত্রদেরও।

দেশটির সীমান্তের কাছে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো, মূলভূমিতে বিদ্রোহী জনগোষ্ঠীদের বিদ্রোহ এবং অর্থনৈতিক সংকটের মধ্যে নিজের অবস্থান ধরে রাখতে হ্লাইং এসব সামরিক কর্মকর্তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

গত বছরের ফেব্রুয়ারিতে জান্তা সরকার ক্ষমতা দখলের পর এক বছরে দেশের প্রবৃদ্ধি কমে যায় ২০ শতাংশ।

বিশ্বব্যাংক মিয়ানমারের অর্থনীতি এ বছর ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। এটি দেশটির জন্য 'উল্লেখযোগ্য ঝুঁকি' হতে পারে বলে সতর্ক করে সংস্থাটি।

ইয়াঙ্গুনের একজন পশ্চিমা কূটনীতিক আল জাজিরাকে জানান, হ্লাইং যখন নিজের দলকে বরখাস্ত করা শুরু করেন এবং নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি করেন তখনই বোঝা যায় জান্তার অবস্থান কতটা ভঙ্গুর এবং তাদের নেতৃত্ব কতটা অনিরাপদ।

তিনি আরও বলেন, তার সর্বোচ্চ অগ্রাধিকার হলো যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকা। এর ফলে অর্থনৈতিক যে বিপর্যয় ঘটবে তার মূল্য দিতে হবে মিয়ানমার এবং এর জনগণকে।

এদিকে দেশজুড়ে চলছে বিদ্রোহ। যার মধ্যে গত শনিবার (১৪ আগস্ট) রাখাইনের জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের ৩৭ জন জান্তা সেনা নিহত হন। এ ছাড়া মংডুতে বাংলাদেশের সঙ্গে সীমান্তের কাছে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩২৫-এর সঙ্গে এএ সংঘর্ষে লিপ্ত হয়।

সোমবারও পালেতোয়ায় লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ২৮৯-এর ঘাঁটিতে আক্রমণ করে এএ।

১১ আগস্টের একটি সংবাদ সম্মেলনে এএ মুখপাত্র খাইং থুখা বলেন, সম্প্রতি উত্তর মংডু এবং পালেতোয়ায় ঘন ঘন সংঘর্ষ হয়েছে। এ অঞ্চলে জান্তা এবং এএ-এর মধ্যে সামরিক উত্তেজনা বেশ তীব্র হয়ে উঠেছে বলেও জানান তিনি।

অন্যদিকে, গত ২৫ জুলাই এ সামরিক শাসক চার গণতন্ত্রপন্থীকে মৃত্যুদণ্ড দেয়। যা আন্তর্জাতিক মহলে বেশ ক্ষোভ তৈরি করে।

এ বিষয়ে মিয়ানমারে সাবেক ডাচ্ রাষ্ট্রদূত ল্যাটিটিয়া ভ্যান ডেন আসুম বলেন, এ মৃত্যুদণ্ড প্রমাণ করে যে, সামরিক সরকার নিজের শর্ত পূরণে অটল। তার শর্ত না মানলে তিনি যে দেশের ভবিষ্যতের প্রশ্নেও কোনো সংলাপে বসবেন না এটিই তার প্রমাণ।

তিনি বলেন, তার সামরিক অভ্যুত্থান অনেক আগেই ব্যর্থ হয়ে গেছে। হ্লাইংয়ের ভুল ধারণা এই যে,  এ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করলে নিজের ক্ষমতা ধরে রাখা সহজ হবে। কিন্তু এটি তার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনকে আরও তীব্র করছে।

নীতি বিশ্লেষক ম্যাথিউ আর্নল্ড মিন বলেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে অং হ্লাইং আরও সহিংসতা অবলম্বন করতে প্রস্তুত বলে বার্তা দিচ্ছে।

প্রবা/এনএস/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা