আনাদোলু
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ২২:৪৬ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৬ ২২:৫২ পিএম
ইরানের বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালিতে অবস্থানরত তেলবাহী ট্যাঙ্কার। ছবি: দ্য সিয়াটল টাইমস/এপি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি ফের খোলার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।
আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমেছে, যা গত মার্চের পর সর্বনিম্ন।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ কমে ৭৯.৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিওটিআিই) তেলের দাম ৪.৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৭.৩ ডলারে নেমেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি সই হতে পারে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত এই আশাতেই বিনিয়োগকারীরা তেলের দাম কমিয়ে দিয়েছেন।
ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, আগামী কয়েক দিনের মধ্যেই তিনি ইরান সংক্রান্ত শান্তি চুক্তির নথি প্রকাশ করবেন।
তিনি আরও উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ এই জলপথটি স্থায়ীভাবে টোল-মুক্ত রাখা হবে।
দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছিল। তবে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনো বাজারে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে মজুত থেকে অতিরিক্ত তেল উত্তোলনের ফলে যুক্তরাষ্ট্রের জরুরি তেলের রিজার্ভ ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা বাজারে সরবরাহের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।