বিবিসি
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৮:১৫ পিএম
মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। ছবি: সিএনএন
ভারতে মেডিক্যাল পরীক্ষা নিট-ইউজি পুনরায় অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক দিন আগে বড় পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস রুখতে দেশজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম সাময়িকভাবে বন্ধ বা নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে গত মে মাসে অনুষ্ঠিত নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগ ওঠায় তা বাতিল করা হয়। আগামী ২১ জুন লক্ষ লক্ষ পরীক্ষার্থী পুনরায় এই পরীক্ষায় বসতে যাচ্ছেন। এই দফায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্যই এই আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
এনটিএ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, কিছু সুসংগঠিত প্রতারক চক্র টেলিগ্রামকে মাধ্যম হিসেবে ব্যবহার করে পরীক্ষার্থীদের ভুয়া প্রশ্নপত্র সরবরাহের বিনিময়ে অর্থ হাতিয়ে নিচ্ছে।
ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, ২২ জুন পর্যন্ত টেলিগ্রামের অ্যাক্সেস সীমিত রাখা হবে। এছাড়া, প্রশ্ন ফাঁসের ভুয়া প্রমাণ তৈরি রুখতে ৩০ জুন পর্যন্ত অ্যাপটির মেসেজ এডিটিং ফিচারটিও নিষ্ক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার ইতোমধ্যে এমন অসংখ্য চ্যানেল ও বট বন্ধ করে দিয়েছে, যেগুলো সরাসরি প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন দিচ্ছিল।
তবে সরকারের এই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন ডিজিটাল অধিকার কর্মীরা। তারা একে একটি ‘সাময়িক বা লোকদেখানো সমাধান’ হিসেবে অভিহিত করেছেন।
ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) এক বিবৃতিতে জানিয়েছে, প্রশ্ন ফাঁস সাধারণত সিস্টেমের ভেতর থেকে বা সরবরাহ চেইনের ত্রুটির কারণে ঘটে। অ্যাপ বন্ধ করে এই কাঠামোগত সমস্যা সমাধান করা সম্ভব নয়। উল্টো পরীক্ষার শেষ মুহূর্তে যেসব শিক্ষার্থী পড়াশোনার গ্রুপ বা নোট শেয়ারের জন্য টেলিগ্রামের ওপর নির্ভর করে, তারা এখন চরম ভোগান্তিতে পড়েছেন।
এর আগে গত মে মাসে অনুষ্ঠিত নিট পরীক্ষায় জালিয়াতির ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সেই সঙ্গে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন।
দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এই ঘটনার তদন্ত করছে এবং এ পর্যন্ত এক ডজনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।