ইউএনবি, এনডিটিভি
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
ভারতের আসামে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। ছবি: ইউএনবি
ভারতের আসামে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সামরিক সদস্য নিহত হয়েছেন।
আসামের জোরহাট বিমানঘাঁটিতে শনিবার সকাল ১০টার দিকে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় বিমানবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নিহতদের মধ্যে রয়েছেন— স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।
বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ সকাল ১০টার দিকে জোরহাটে একটি নিয়মিত উড্ডয়ন শেষে অবতরণের সময় আইএএফ-এর একটি এএন-৩২ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী ও জরুরি সেবাদানকারী দল মোতায়েন করা হয়েছে। এই অপূরণীয় ক্ষতিতে বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।’
প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী, বিমানটি রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানঘাঁটির ভেতরেই বিধ্বস্ত হয়। তবে যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ‘জোরহাটে বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এ বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছি।’
সোভিয়েত আমলের নকশা করা আন্তোনভ এএন-৩২ একটি শক্তিশালী দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। একে ভারতীয় বিমানবাহিনীর ‘ওয়ার্কহর্স’ বা প্রধান কর্মক্ষম বিমান হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে দেশটির বিমানবাহিনীর বহরে এ ধরনের প্রায় ১০০টি বিমান রয়েছে। সাড়ে ৭ টন মালামাল বা ৫০ জন যাত্রী বহনে সক্ষম এই বিমানটি দুর্গম পার্বত্য এলাকা ও প্রতিকূল আবহাওয়ায় রসদ সরবরাহের জন্য বিশেষভাবে পরিচিত।