× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলের হেক্সা মিশনে প্রথম বাধা মরক্কো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ছবি: দ্য আইরিশ সান

ছবি: দ্য আইরিশ সান

এক দল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, অন্য দল সাম্প্রতিক সময়ে বড় শক্তিগুলোর জন্য হুমকি। তাই শুরুতেই মরক্কোর জন্য বড় বাধার মুখে পড়তে হচ্ছে ব্রাজিলকে।

বিশ্বকাপে সবচেয়ে সফল দলটি বিশ্বকাপ শুরু করছে আজ। গ্রুপ ‘সি’তে রবিবার ভোররাত ৪টায় নিউইয়র্কের নিউ জার্সিতে মহাদ্বৈরথে নামছে এ‌ই দুই ভিন্ন ঘরানার দল। সাম্বার তাল-লয়-ছন্দ না আটলাস সিংহ কে কাকে ছাপিয়ে ওঠে তারই অপেক্ষায় এখন গোটা দুনিয়া।

গত পাঁচ আসরে হেক্সা মিশনে বারবার ব্যর্থতাই হয়েছে ব্রাজিলের সঙ্গী। ব্যর্থতার বৃত্ত ভাঙতে দলটি মরিয়া। ব্রাজিল দলে দলে তারকার ছড়াছড়ি, আক্রমণভাগে রয়েছে গতি, সৃজনশীলতা ও গোল করার মতো একাধিক তারকা ফুটবলার।

বলের দখল ধরে রেখে প্রতিপক্ষকে চাপে রাখা ব্রাজিলের অন্যতম শক্তি। তবে এই ব্রাজিল দলের অন্যতম বড় চমক হতে পারে তাদের শক্তিশালী রক্ষণভাগ। রক্ষণে গ্যাব্রিয়েল মাগালায়েস কিংবা মার্কিনিওসরা এবার প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারেন মাথাব্যথার কারণ।

অন্যদিকে মরক্কো এখন আর কোনো অঘটনের দল নয়। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে আফ্রিকান ফুটবলে ইতিহাস গড়া দলটি প্রমাণ করেছে যে বড় প্রতিপক্ষের বিপক্ষেও তারা সমানতালে লড়তে পারে। শক্ত রক্ষণ, মাঝমাঠের শৃঙ্খলা এবং দ্রুত কাউন্টার অ্যাটাক তাদের প্রধান হাতিয়ার।

ব্রাজিলের আক্রমণভাগকে আটকে রাখতে পারলে ম্যাচে ভিন্ন কিছু ঘটাতে পারে আটলাস সিংহরা। পাশাপাশি মরক্কোর জন্য বড় প্রেরণা হয়ে উঠতে পারে ২০২৩ ব্রাজিলকে ২-১ গোলে হারানোর অভিজ্ঞতা।

গুনে-মানে-ঐতিহ্যে ব্রাজিলের চেয়ে অনেক পেছনে মরক্কো। তবে র‌্যাঙ্কিংয়ে দুদলের অবস্থান বেশ কাছাকাছি। ছয়ে আছে ব্রাজিল আর মরক্কো সাত নম্বরে। মুখোমুখি লড়াইয়ে শ্রেয়তর পারফরম্যান্স অবশ্য পাঁচ বারের বিশ্ব বিজয়ীরা। তিন দেখায় দুবার জিতেছে ব্রাজিল আর একবার জয়ের গৌরব নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।

এবারের আসরে ব্রাজিল দলের তারকা হতে পারে ভিনিসিয়ুস জুনিয়র, আক্রমণের সবচেয়ে বড় ভরসাগুলোর একজন। গতি, ড্রিবলিং আর একের বিপক্ষে এক লড়াইয়ে প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা তাকে বাকিদের চেয়ে আলাদা করেছে। মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে ভিনিসিয়ুস-রিচার্লিসনের সৃজনশীলতাই হতে পারে ব্রাজিলের কার্যকর অস্ত্র।

 

ইনজুরির সঙ্গে লড়াইরত নেইমার প্রথম একাদশে থাকার সম্ভাবনা খুবই কম।

আর মরক্কো দলের পোস্টার বয় অধিনায়ক আশরাফ হাকিমি। রক্ষণ ও আক্রমণÑ দুই ক্ষেত্রেই সমান কার্যকর। ডান প্রান্ত দিয়ে তার দ্রুত ওঠানামা এবং আক্রমণ তৈরির দক্ষতা মরক্কোকে বাড়তি শক্তি দেয়। ব্রাজিলের উইঙ্গারদের সামলানোর পাশাপাশি পাল্টা আক্রমণেও বড় ভূমিকা রাখতে পারেন হাকিমি।

কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও মরক্কোর সাম্প্রতিক সাফল্য দেখিয়েছে, বড় নামের চেয়ে মাঠের পারফরম্যান্সই শেষ কথা। তাই ম্যাচটি একপেশে হওয়ার সম্ভাবনা কম; বরং টানটান লড়াইয়ের প্রত্যাশাই বেশি।

গত বেশ কিছুদিন ধরেই ব্রাজিলের সময়টা ভালো যাচ্ছে না। বাছাইপর্বে আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া ও উরুগুয়ের পেছনে থেকে পঞ্চম হয়ে বিশ্বকাপে জায়গা করে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাছাইয়ের শেষ দুই ম্যাচের আগে কার্লো আনচেলত্তিকে কোচের দায়িত্ব দেওয়া হয়। ওই দুই লড়াইয়ে জয় ও পরাজয় একটি করে।

ফ্রান্স, স্পেন ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো দলগুলো যেখানে অনেক বেশি গোছানো, সেখানে ব্রাজিলের বর্তমান অবস্থান নিয়ে করা এক প্রশ্নের জবাবে ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বলেন, ফেভারিটের তালিকায় থাকা কারও জন্যই সাফল্যের কোনো নিশ্চয়তা নয়।’

ড্রেসিংরুমের পরিবেশ আশাবাদী করে তুলেছে আলিসনকে। বলেন, ‘যে বিষয়টা গুরুত্বপূর্ণ, তা হলো, প্রথম ম্যাচে আপনি কোন অবস্থায় আছেন।’ যোগ করেন, ইতালিয়ান এই কোচ দায়িত্ব নেওয়ার পর সবকিছু ভালো হতে শুরু করেছে ব্রাজিলের। দলে তার দারুণ প্রভাব রয়েছে আর তিনি শান্তভাবে কাজ করার পরিবেশ তৈরি করে দিয়েছেন।’

ব্রাজিল দলের সঙ্গে প্রায় এক বছর ধরে আছেন আনচেলত্তি। তাদের প্রথম বিদেশি প্রধান কোচ হিসেবে তার ফল মিশ্র হলেও, অনেকেই বিশ্বাস করেন, ব্রাজিলের হেক্সা সফল করতে পারবেন আনচেলত্তি।

তৃতীয় বিশ্বকাপে খেলতে যাচ্ছেন আলিসন। তিন বা তার বেশি বিশ্বকাপে খেলা গোলরক্ষকদের তালিকায় নিজের নাম তুলতে পারাটাকে শিরোপা উৎসবের মঞ্চ বানাতে চান আলিসন। তিনি বলেন, বিশ্বকাপ জেতা গোলরক্ষকদের অভিজাত ক্লাবে নাম লেখাতে চাই।

আর এর অন্যতম রূপকার ছিলেন গোলরক্ষক ইয়াসিন বুনু। এবারও বড় কিছু করার প্রত্যয় তার কণ্ঠে। ফিফা ডটকে বলেন: ‘খেলোয়াড়দের মান এখনও আছে। সঠিক মানসিকতাও থাকবে, কারণ এটা বিশ্বকাপ এবং প্রত্যেক খেলোয়াড়ই এতে ভালো খেলার স্বপ্ন দেখে।

বুনুর কথায়, ‘সত্যি বলতে কী: এমন দলও আছে যারা আমাদের চেয়ে বড়। তবে আমরা ২০২২ সাল থেকে উন্নতির পথে রয়েছি এবং এটা ধরে রাখার চেষ্টা করি। এরপর আমরা কতদূর যেতে পারি, সেটা এখনই বলা যায় না।’

 

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

আলিসন; ওয়েসলি, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারায়েস; রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র; গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও রিচার্লিসন।

 

মরক্কোর সম্ভাব্য একাদশ

ইয়াসিন বুনু; আশরাফ হাকিমি, নায়েফ আগুয়ের্দ, রোমেন সাইস, নুসায়ের মাজরাউই; সোফিয়ান আম্রাবাত, আজ্জেদিন উনাহি; সোফিয়ান বৌফাল, আমিন হারিত, বিলাল এল খান্নৌস; ইউসুফ এন-নেসিরি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা