যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি
ইরানের ওপর পূর্বনির্ধারিত বিমান হামলা ও বোমাবর্ষণ বাতিলের ঘোষণার পর এবার দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে দুই চুক্তি সম্পাদনের দ্বারপ্রান্তে রয়েছে বৃহস্পতিবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি।
ট্রাম্প জানান, মার্কিন ও ইরানি আলোচকরা একটি ‘গুরুত্বপূর্ণ সমঝোতায়’পৌঁছেছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই প্রয়োজনীয় নথিপত্র চূড়ান্ত হতে পারে।
ট্রাম্প বলেন, “আমাদের এমন একটি চুক্তি হয়েছে যাতে ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। পুরো সংঘাতের মূল উদ্দেশ্যই ছিল এটি নিশ্চিত করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্জন”।
নথিপত্র চূড়ান্ত হওয়ার পর ইউরোপে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
তবে ট্রাম্পের এই আশাবাদের বিপরীতে সতর্ক অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, “চুক্তি নিয়ে প্রকাশিত খবরগুলো ‘অনুমাননির্ভর’এবং এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি”।
গত ফেব্রুয়ারিতে ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে যার জবাব দেয় ইরান। এছাড়া বিশ্বের তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং রুট ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেয় তারা। ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন রুপ নেয়।
এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহেও একাধিক দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।