প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ইরানের ওপর পূর্বনির্ধারিত বিমান হামলা ও বোমাবর্ষণ বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা সফলভাবে সম্পন্ন ও অনুমোদিত হওয়ার পর তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এই সমঝোতা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান এবং মিশরসহ সংশ্লিষ্ট সব পক্ষ একমত হয়েছে।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, আলোচনার মূল বিষয়বস্তু ও বিস্তারিত পরিকল্পনা সব পক্ষই গ্রহণ করেছে। তবে এই সমঝোতা বা ‘ট্রানজ্যাকশন’ চূড়ান্তভাবে স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর চলমান যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল থাকবে।
এই চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার রাতে ইরানের ওপর কঠোর হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।
পোস্টে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র আজ (বৃহস্পতিবার) রাতে ইরানের ওপর কঠোরভাবে আঘাত হানবে।
ট্রাম্প পোস্টে দাবি তিনি দাবি করেন, “ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, রাডার, বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য সকল প্রকার প্রতিরক্ষা ব্যবস্থাসহ অধিকাংশ আক্রমণাত্মক সক্ষমতা শেষ হয়ে গেছে।
“খুব শিগগিরই, আমরা খার্গ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোগত স্থানগুলো দখল করব এবং তাদের তেল ও গ্যাস বাজারের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব, ঠিক যেমনটা আমরা ভেনিজুয়েলার ক্ষেত্রে করেছি”।
মধ্যপ্রাচ্যে সংঘাতের শুরু থেকে ট্রাম্প বারবার ইরানের উপকূলের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল স্টেশন দ্বীপ খার্গ দখল করার হুমকি দিয়ে এসেছেন।