প্রবা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১২:১৬ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১৪:০৪ পিএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
ইউক্রেন বিজয়ী না হওয়া পর্যন্ত রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করে যাবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (৩১ ডিসেম্বর) নববর্ষের ভাষণে তিনি এ যুদ্ধে যারা অংশ নিয়েছেন তাদের শুভেচ্ছা জানান।
রবিবার এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানান হয়।
ইউক্রেনজুড়ে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া। এর কয়েক ঘণ্টা পরেই জেলেনস্কি নতুন বছর উপলক্ষে ভাষণ দেন। এতে তিনি ইউক্রেনের যুদ্ধে জড়িত লোকদের প্রশংসা করেন।
তিনি বলেন, ‘আমি আপনাদের সবাইকে বলতে চাই- ইউক্রেনীয়রা, আপনারা দারুণ! দেখুন আমরা কী করেছি আর কী করছি!’
‘আমাদের সেনারা প্রথম দিন থেকেই বিশ্বের এই দ্বিতীয় সেনাবাহিনীকে কীভাবে ধ্বংস করে চলেছে। কীভাবে তাদের সরঞ্জাম ও পদাতিক বাহিনীকে ঠেকাচ্ছে তা কৃতিত্বের দাবিদার’, এমন মন্তব্য করেন জেলেনস্কি।
এ সময় তিনি আরও বলেন, ‘এ যুদ্ধে আমরা প্রত্যেকেই একজন যোদ্ধা। আমি আপনাদের সবার প্রশংসা করি। আমি ইউক্রেনের প্রতিটি অপরাজেয় অঞ্চলকে ধন্যবাদ জানাতে চাই।’
ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বশেষ হামলায় রাজধানী কিয়েভে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
কিয়েভে অবস্থিত সংবাদসংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, তারা শনিবার বিকালে অন্তত ১১টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এদিকে, শহরের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, হামলার কারণে অন্তত একজন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানায় সিটি কার্যালয়।