যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বুধবার জানায়, তারা পালাউ-ধ্বজাবাহী তেলবাহী জাহাজ সেটেবেলো অচল করে দিয়েছে। ছবি: বিবিসি
ওমানের কাছাকাছি একটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ।
তিনি ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বুধবার জানায়, তারা পালাউ-ধ্বজাবাহী তেলবাহী জাহাজ সেটেবেলো অচল করে দিয়েছে। তাদের অভিযোগ, জাহাজটি হরমুজ প্রণালির চলমান অবরোধ লঙ্ঘন করছিল।
এর আগে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, তিনজন ভারতীয় নাবিক নিখোঁজ এবং ২১ জন ভারতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।
এদিকে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, শিনাস বন্দরের কাছে বৃহস্পতিবার ভোরে ঘটা আরেকটি জাহাজ-সংক্রান্ত ঘটনার তদন্ত করছে তারা।
ওমান উপকূল ঘিরে এই সপ্তাহে একের পর এক জাহাজে হামলার ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্র সোমবারে জানায়, তারা ম্যারিভেক্স নামে পালাউ-ধ্বজাবাহী তেলবাহী জাহাজ অচল করে দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখন ক্রমেই চাপের মুখে পড়ছে, কারণ দুই পক্ষই বুধবার দ্বিতীয় দিনের মতো একে অপরের সামরিক স্থাপনায় হামলা চালায়।
তবে এই উত্তেজনা সত্ত্বেও, তিনটি ইরানি সূত্র সকালে রয়টার্সকে জানিয়েছে যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে এবং জব্দকৃত ইরানি তহবিল ছাড়ানোর বিষয়কে কেন্দ্র করে আলোচনা চলছে।