ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স
এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরান ও ইসরায়েল একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।
বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম সোমবার ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রায় ৯৪ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।
অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক জিয়াজিয়া ইয়াং বলেন, এই হামলাগুলো পূর্ণমাত্রার যুদ্ধের সূচনা কি না- তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবসায়ীরা তেলের দামে সেই প্রভাব যুক্ত করতে শুরু করেছেন।
এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে এশিয়ার শেয়ারবাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ার সূচক কোসপি প্রায় ৮ শতাংশ পর্যন্ত কমে গেছে।
সূত্র: বিবিসি