প্রবা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ১৫:০৫ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২ ১৫:০৮ পিএম
আগুনে জ্বলছে একটি ট্রাক। আগুন নেভাতে কাজ করছেন দমকল বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার একটি ব্যস্ত এক্সপ্রেসওয়েতে আগুন লেগে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু তাৎক্ষণিকভাবে আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
রাজধানী সিউলের অদূরে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় জিওনগিন এক্সপ্রেসওয়ে অবস্থিত। দেশেটির দক্ষিণ অঞ্চল থেকে রাজধানীতে ঢোকের এটিই অন্যতম পথ। আগুনের ঘটনায় দীর্ঘ যানজনের সৃষ্টি হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে শব্দরোধী একটি বিশাল শামিয়ানা দাউদাউ করে জ্বলছে। ভিডিওটি আগুন লাগার কিছুক্ষণ পর দুপুর ১টা ৪৯ মিনিটে ধারণ করা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুপুর ১টার দিকে তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। কিন্তু কিছু স্থানীয় গণমাধ্যমে একটি বাস ও ট্রাকের সংঘর্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে।
তবে, দমকল বাহিনীর এক সদস্য সাংবাদিকদের বলেছেন, ‘আগুনের উৎস সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানাব।’