প্রবা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১২:০৩ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১৩:০০ পিএম
নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড। ছবি : সংগৃহীত
নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির সাবেক মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল প্রচণ্ড। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন তিনি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার (২৫ ডিসেম্বর) দলীয় কর্মকর্তারা এ তথ্য জানান। সোমবার নতুন এই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে।
২০ নভেম্বর দেশটিতে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এতে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোটবদ্ধ হয়ে সরকার গঠন করছেন পুষ্পকমল।
দলীয় কর্মকর্তারা আরও জানান, বিরোধী দল কমিউনিস্ট ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্ট (ইউএমএল) এবং অন্য কয়েকটি ছোট দলকে সঙ্গে নিয়ে নতুন জোট সরকার গঠন করবেন তিনি। আর এ সরকারের পাঁচ বছর মেয়াদের প্রথমার্ধে অর্থাৎ আড়াই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সাবেক এই গেরিলা নেতা।
দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর একজন সহযোগী টিকা ঢকাল রয়টার্সকে বলেন, ‘তাকে (প্রচণ্ড) প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে এবং পার্লামেন্টের একটি বড় সংখ্যাগরিষ্ঠের সমর্থন রয়েছে তার পক্ষে।’
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নেপালি কংগ্রেস নেতা বিদায়ি প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার স্থলাভিষিক্ত হয়েছেন পুষ্পকমল। ২০২৫ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন তিনি। আর তখন ইউএমএলের নির্বাচিত প্রার্থীই হবেন নতুন প্রধানমন্ত্রী।
নতুন জোটের বৈঠকের পর পুষ্পকমলের মাওবাদী কেন্দ্র দলের সাধারণ সম্পাদক দেব গুরুং রয়টার্সকে জানিয়েছেন, ‘এটাই দুই পক্ষের মধ্যকার বোঝাপড়া। অন্যান্য গুরুত্বপূর্ণ পদ ও মন্ত্রণালয়ের বণ্টনের কাজ এখনও বাকি আছে।’
শের বাহাদুর দেউবার নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন পাঁচ দলের ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যান পুষ্পকমল দাহাল প্রচণ্ড। দেউবা প্রধানমন্ত্রী পদে তাকে সমর্থন দিতে অস্বীকৃতি জানালে তিনি ওই জোট থেকে বেরিয়ে নতুন জোট গঠন করেন।
নেপালের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্যসংখ্যা ২৭৫। যেখানে ১৬৫ জনের সমর্থন পায় নতুন জোট সরকার।