প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৯ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ‘সংলাপ সহজতর’ করার উদ্দেশ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে এই বার্তা জানিয়েছেন।
পাকিস্তান এবং আফগানিস্তানকে ‘ভাল প্রতিবেশীর মতো সম্পর্ক রাখতে এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্য মেটানোর’ আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগেও দুই দেশের মধ্যে যখন সীমান্ত সংক্রান্ত উত্তেজনা বাড়ছিল, সেই সময়েও একই প্রস্তাব দিয়েছিল ইরান।
গত ২২ ফেব্রুয়ারি আফগানিস্তানে রাতভর একাধিক বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। নিজ ভূখণ্ডে আত্মঘাতী বিস্ফোরণের পর আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছিল দেশটি।
বৃহস্পতিবার রাতে আফগানিস্তানে তালেবান সরকার গত সপ্তাহে পাকিস্তানের হামলার জবাবে সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনা চেকপোস্টকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিলে উত্তেজনা আরও বাড়ে।
আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ নিজের এক্স একাউন্টে লিখেছিলেন তারা শুক্রবার ভোরে কান্দাহার ও হেলমান্দে পাকিস্তানি সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। তবে সেই পোস্টটি এখন মুছে ফেলা হয়েছে, এবং ওই হামলার বিষয়ে তালেবানের কাছ থেকে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর পোর আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরুর ঘোষণা দেয় পাকিস্তান। এই অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানের রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।
পাকিস্তান দাবি করেছে তারা আফগানিস্তানের বিপুল সেনাকে হত্যা করেছে। এছাড়া অসংখ্য সীমান্ত চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে।