প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১০ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১১ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বৈশ্বিক পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটির সুপ্রিম কোর্ট তার বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণার পর তিনি ওই রায়ের সমালোচনাও অব্যাহত রেখেছেন। খবর বিবিসির
এর আগে শুক্রবার তিনি আদালত কর্তৃক বাতিল হওয়া শুল্কের জায়গায় যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলেছিলেন।
তবে শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, আগে কখনও ব্যবহার হয়নি- এমন একটি আইনের অধীনে তিনি এ শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করবেন।
ওই আইনে বলা আছে, নতুন এই কর প্রায় পাঁচ মাস পর্যন্ত চালু রাখা যাবে। এরপর এটি চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমতি নিতে হবে।
আগামী মঙ্গলবার থেকেই তার ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা। এখন সেটি যদি ১৫ শতাংশে উন্নীত করা হয় তাহলে সেটি কখন থেকে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়।
১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ১২২- এর অধীনে নতুন করে ১৫ শতাংশ কর আরোপের এই সিদ্ধান্ত যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ কিছু দেশের জন্য প্রশ্ন তৈরি করেছে। কারণ এসব দেশ আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ শতাংশ শুল্ক চুক্তি করেছিল।