আনাদোলু
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৬ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৬ পিএম
উটের জন্য পাসপোর্ট প্রকল্প চালু করল সৌদি আরব। ছবি: টাইমস অব ইন্ডিয়া
উট পালন খাতকে আরও সুসংগঠিত করা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এ খাতের গ্রহণযোগ্যতা বাড়াতে উটের জন্য বিশেষ পাসপোর্ট প্রকল্প চালু করেছে সৌদি আরব। দেশটির সরকার একে এই খাতের উন্নয়নে একটি ‘গুণগত পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে।
সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী মনসুর বিন হিলাল আল-মুশাইতি আনুষ্ঠানিকভাবে এই ‘উট পাসপোর্ট প্রকল্পের’ উদ্বোধন করেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো উট পালন খাতকে সুশৃঙ্খল করা, উটের পরিচয় নথিভুক্ত করা এবং সেবার মান উন্নত করা। একইসঙ্গে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক বাজারে সৌদি আরবের উট ব্যবসার প্রতি আস্থা বাড়ানোও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
প্রকল্পের আওতায় প্রতিটি উটের বিস্তারিত তথ্য, মালিকানা এবং জাত রেকর্ড করা হবে। এসব তথ্যকে উটের স্বাস্থ্য ও আইনি তথ্যের সঙ্গে যুক্ত করা হবে। ফলে এই পাসপোর্টটি একটি দাপ্তরিকভাবে স্বীকৃত নথি হিসেবে পরিণত হবে, যা উট সংক্রান্ত যেকোনো সেবা প্রদানকে আরও সহজ ও কার্যকর করবে।
বিবৃতিতে আরও বলা হয়, উট পাসপোর্টটি একটি পূর্ণাঙ্গ পরিচয়পত্র হিসেবে কাজ করবে। এতে একটি মাইক্রোচিপ নম্বর, পাসপোর্ট নম্বর, উটের নাম, জন্ম তারিখ, জাত, লিঙ্গ, গায়ের রঙ, জন্মস্থান এবং পাসপোর্ট ইস্যুর তারিখ ও স্থানের উল্লেখ থাকবে। নিখুঁতভাবে শনাক্তকরণের জন্য এতে উটের দুই পাশের ছবিও যুক্ত করা হবে।
এছাড়া পাসপোর্টে একটি নির্দিষ্ট টিকাদান তালিকা থাকবে, যেখানে পশুচিকিৎসকের নাম, স্বাক্ষর ও সিলসহ যাবতীয় টিকার তথ্য সংরক্ষিত থাকবে।
মন্ত্রণালয় মনে করছে, এই পাসপোর্ট উট কেনাবেচা এবং এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করবে। এর মাধ্যমে উট ক্রয়-বিক্রয় ও দাপ্তরিক নথিপত্র ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আসবে।
২০২৫ সালের জুন মাসে প্রকাশিত সরকারি শুমারি অনুযায়ী, সৌদি আরবে উটের মোট সংখ্যা ২২ লাখ ৩৫ হাজার ২৯৭টি। বেসরকারি তথ্যমতে, দেশটিতে প্রায় ৮০ হাজার উট মালিক রয়েছেন এবং উট পালনে সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ দেশ।