প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আলোচনা শুরুর উদ্যোগ নিতে কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে ‘ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনা’ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, হুমকি ও অযৌক্তিক প্রত্যাশামুক্ত পরিবেশে মর্যাদা, বিচক্ষণতা ও বাস্তবতার নীতিতে পরিচালিত আলোচনা হওয়া প্রয়োজন। খবর আল-জাজিরার
এদিকে তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা কমাতে কাতার, তুরস্ক, মিসর ও ওমানসহ কয়েকটি দেশের মধ্যস্থতার প্রস্তাব তারা পর্যালোচনা করছে। আগামী কয়েক দিনের মধ্যেই আলোচনার একটি কাঠামো চূড়ান্ত হতে পারে বলে আশা প্রকাশ করেছে ইরান।
একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে সম্ভাব্য বৈঠকের আয়োজন করা হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অংশ নিতে পারেন। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানকে হুমকি দেন। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বক্তব্যে সুর বদলের ইঙ্গিত মিলেছে। তিনি পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
রবিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। পরদিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করে, পরোক্ষ কূটনৈতিক আলোচনা চলছে এবং এতে আঞ্চলিক দেশগুলো মধ্যস্থতার ভূমিকা পালন করছে।
বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি চাপে থাকায় তেহরান আলোচনায় আগ্রহী। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহারের মতো কঠোর শর্ত আরোপ করা হতে পারে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর কোনও হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।