× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেলুচিস্তানে ৯২ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫০ পিএম

 বেলুচিস্তানের রাস্তায় পোড়া গাড়ি। ছবি: ডন

বেলুচিস্তানের রাস্তায় পোড়া গাড়ি। ছবি: ডন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৯২ জঙ্গি নিহত হয়েছেন। এ সময় ১৫ জন নিরাপত্তা সদস্যও নিহত হয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানায়, শনিবার পরিচালিত ক্লিয়ারেন্স অপারেশনে এসব হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সের

এর আগে ওই প্রদেশে জঙ্গিদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এর একদিন আগেই পাকিস্তানের সেনাবাহিনী জানায়, বেলুচিস্তানে পৃথক অভিযানে ৪১ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।

ইরান ও আফগানিস্তান সীমান্তঘেঁষা এই প্রদেশে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলছে।

শনিবারের হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটি দাবি করেছে, তারা একযোগে পুরো প্রদেশজুড়ে হামলা চালিয়েছে এবং এতে ৮৪ জন পাকিস্তানি নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। বিএলএর দাবি অনুযায়ী, অভিযানটি প্রায় ১৫ ঘণ্টা ধরে চলেছে।

তবে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, এসব হামলা ভারত-সমর্থিত জঙ্গিরা চালিয়েছে এবং নিরাপত্তা বাহিনী কোনো শহর বা গুরুত্বপূর্ণ স্থাপনা দখলের চেষ্টা সফল হতে দেয়নি।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, “কোয়েটা, মাস্তুঙ, নোশকি, দলবন্দিন, খারান, পাঞ্জগুর, তুম্প, গওয়াদর ও পাসনিসহ বিভিন্ন এলাকায় একযোগে হামলা চালানো হয়। গোয়েন্দা প্রতিবেদনে প্রমাণ মিলেছে, পাকিস্তানের বাইরে অবস্থানরত জঙ্গি নেতারা এসব হামলার পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন এবং পুরো ঘটনার সময় তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন।”

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিরাপত্তা বাহিনী সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে এবং বহু জঙ্গিকে হত্যা করেছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, প্রাদেশিক রাজধানী কোয়েটা ও বন্দরনগরী গওয়াদরসহ বিভিন্ন শহরে সশস্ত্র হামলার পর সেনাবাহিনী, পুলিশ ও সন্ত্রাসবিরোধী ইউনিট যৌথ অভিযান শুরু করে।

গওয়াদরে অভিবাসী শ্রমিকদের ওপর হামলা

গওয়াদরে অভিবাসী শ্রমিকদের একটি আবাসিক ক্যাম্পে জঙ্গিরা হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আত্তাউর রহমান। নিহতদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন।

হামলার পর নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযানে ৬ জন জঙ্গিকে হত্যা করে বলে জানান তিনি।

এদিকে বেলুচিস্তানের নোশকি জেলায় পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। সেখানে জঙ্গিরা জেলার শীর্ষ বেসামরিক প্রশাসককে অপহরণ করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ওই কর্মকর্তা নিজেকে জঙ্গিদের হেফাজতে থাকার কথা বলেন। তবে রয়টার্স ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

কোয়েটার কিছু এলাকায় সশস্ত্র ব্যক্তিরা সাময়িকভাবে সড়ক অবরোধ করে এবং একটি গুরুত্বপূর্ণ এলাকার কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা টেক্সট বার্তায় জানিয়েছেন, বাহিনী কার্যকরভাবে হামলা প্রতিহত করেছে এবং এখনও কিছু এলাকায় ক্লিয়ারেন্স অপারেশন চলছে।

উল্লেখ্য, পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু দরিদ্রতম প্রদেশ বেলুচিস্তানে কয়েক দশক ধরে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিদ্রোহ চলছে। পাকিস্তান সরকার দাবি করে, এসব সহিংসতার পেছনে বিদেশি শক্তির মদদ রয়েছে- যা ভারত বরাবরই অস্বীকার করে আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা