প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৫:২১ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:২৪ পিএম
ঢাকার আগারগাঁওয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত
দুই সপ্তাহ পর ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দুপুরে নির্বাচন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমি খুবই আগ্রহী। আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।
“যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের, এবং শুধু বাংলাদেশের জনগণেরই। বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।”
ক্রিস্টেনসেন বলেন, “নির্বাচনে কেবল বাংলাদেশি জনগণেরই প্রতিনিধি চূড়ান্তে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। বাংলাদেশি জনগণ যে সিদ্ধান্ত নেবে তার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন ও সহযোগিতা থাকবে।
“আমাদের মধ্যে আসন্ন নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়েছে।”
গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি বলেন, “সেদিন প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন এবার বাংলাদেশে একটি উৎসবমুখর নির্বাচন উৎসব হবে। তার কথায় আমিও অত্যন্ত উৎসাহ বোধ করছি।
“আসন্ন নির্বাচন নিয়ে আমি খুবই উৎসাহিত। দেশের জনগণ তাদের মূল্যবান ভোট দেবেন এবং আপনাদের মতো আমিও নির্বাচনের ফলাফল দেখার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি এটি একটি সত্যিকার অর্থেই উৎসবমুখর নির্বাচন হবে, যেখানে দেশের সব ভোটার নিজেদের মতামত প্রকাশ করবেন, এবং আশা করছি আসন্ন নির্বাচন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত, ইসি সচিব আখতার আহমেদ, যুক্তরাষ্ট্রের দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।