প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১০:১৬ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬ ১২:১৫ পিএম
রয়্যাল ডেনিশ সেনাবাহিনীর প্রধান পিটার হার্লিং বয়েসেন। ছবি: দ্য আটলান্টিক
ডেনিশ ভূখণ্ড গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ভূখণ্ডটিতে আবারও সেনা পাঠিয়েছে ডেনমার্ক।
রয়্যাল ডেনিশ সেনাবাহিনীর প্রধান পিটার হার্লিং বয়েসেনসহ সৈন্যদের একটি দল সোমবার সন্ধ্যায় পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গারলুসুয়াকে পৌঁছেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবং অন্যান্য ডেনিশ মিডিয়া এ খবর জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভি-২ জানিয়েছে, ৫৮ জন ডেনিশ সেনা আর্কটিক অঞ্চলে পৌঁছেছে। তারা ‘অপারেশন আর্কটিক এন্ডুরেন্স’ নামে চলমান বহুজাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য পূর্বে পাঠানো প্রায় ৬০ জন সেনার সঙ্গে যোগ দিয়েছে।
তবে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ডেনিশ সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
ডেনমার্ক বারবার বলেছে, এই অঞ্চলটি বিক্রির জন্য নয় এবং জোর করে দ্বীপটি দখলের যেকোনো পদক্ষেপ ন্যাটোর সমাপ্তি ডেকে আনবে।
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার ট্রাম্পের আকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্র-ইউরোপ সম্পর্ককে তলানিতে পৌঁছে দিয়েছে এবং ন্যাটোর সম্ভাব্য বিচ্ছিন্নতা নিয়ে আশঙ্কা তৈরি করেছে।
ন্যাটো সনদের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, জোট যেকোনো একটি সদস্যের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণকে সকল সদস্যের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করে।
ডেনিশ ভূখণ্ডে একটি যৌথ ন্যাটো মিশন প্রতিষ্ঠাসহ আর্কটিক নিরাপত্তা বৃদ্ধির প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করতে ন্যাটো মহাসচিব মার্ক রুট সোমবার ডেনিশ প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোটজফেল্ডের সাথে সাক্ষাৎ করেছেন।
রুট এক বিবৃতিতে বলেন, ‘আমাদের যৌথ নিরাপত্তার’ জন্য আর্কটিকের গুরুত্ব এবং এর প্রতিরক্ষা সক্ষমতায় কোপেনহেগেনের ক্রমবর্ধমান বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মিত্র হিসেবে একসাথে কাজ চালিয়ে যাব।
ইইউর ‘বাণিজ্যিক কৌশল’
গ্রিনল্যান্ড কেনার চুক্তি না হওয়া পর্যন্ত ডেনমার্ক এবং আরও সাতটি ইউরোপীয় দেশের উপর শুল্ক আরোপের হুমকি একটি পূর্ণাঙ্গ ট্রান্সআটলান্টিক বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।
ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার এই সংকট মোকাবেলায় তাদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি সভা আহ্বান করতে চলেছে, যেখানে পাল্টা শুল্ক আরোপসহ বিকল্প প্রতিরোধমূলক ব্যবস্থা কি হতে পারে তা নিয়ে হবে।
ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন সোমবার বলেছেন, তিনি সুইজারল্যান্ডের দাভোস শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সাথে এক বৈঠকে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের ‘সার্বভৌমত্বকে দ্ব্যর্থহীনভাবে সম্মান করার প্রয়োজনীয়তার’ উপর জোর দিয়েছেন।
ভন ডের লেইন বলেন, “আমাদের ট্রান্সআটলান্টিক সম্পর্কের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে, নিরাপত্তা স্বার্থকে এগিয়ে নিতে ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং অন্যান্য মিত্রদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন।”