ইরানিদের উদ্দেশে ট্রাম্প
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ২২:৫৮ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের ‘বিক্ষোভ চালিয়ে যাওয়ার’ আহবান জানিয়ে তার নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশ্যালে মঙ্গলবার ট্রাম্প লিখেছেন, “সহায়তা আসছে”। গ্রাফিকস: প্রতিদিনের বাংলাদেশ
ইরানিদের ‘বিক্ষোভ চালিয়ে যাওয়ার’ আহবান জানিয়ে তাদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “সহায়তা আসছে”।
নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশ্যালে মঙ্গলবার ট্রাম্প লিখেছেন, “ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান—নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন!! খুনী ও নিপীড়কদের নাম মনে রাখুন। তাদের বড় মূল্য দিতে হবে।
“বিক্ষোভাকারীদের নির্বিচারে হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে।”
বার্তার শেষাংশে ট্রাম্প লেখেন, “মিগা”—অর্থাৎ মেক ইরান গ্রেট এগেইন।
এদিকে ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের একজন এরফান সোলতানির মৃত্যুদণ্ড বুধবার কার্যকর করা হবে বলে খবর পাওয়া যাচ্ছ।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’ (এইচআরএএনএ) তাদের সর্বশেষ প্রতিবেদনে দাবি করেছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১,৮৫০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। পাশাপাশি তারা জানিয়েছে, এই সময়ে অন্তত ১৬,৭৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিএনএন জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই সংখ্যার সত্যতা যাচাই করতে পারেনি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন সামরিক অভিযানের হুমকির অভিযোগ করে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে এবং তারা ট্রাম্পের শুল্ক-হুমকিকে ব্লাকমেইল হিসেবে বর্ণনা করেছে।
তাদের মুখপাত্র মারিয়া ঝাকারোভা বলেছেন, ইরানে হামলার যে হুমকি যুক্তরাষ্ট্র দিয়েছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য। তিনি ইরানের বিশৃঙ্খল পরিস্থিতিকে হামলার অজুহাত হিসেবে নেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন।
তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যও বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে বিপর্যয়কর পরিণতি নিয়ে আসবে।
ওদিকে হাউজ অব কমন্সে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিক্ষোভকারীদের ওপর অভিযানকে গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর ও রক্তাক্ত দমন বলে আখ্যায়িত করেছেন।
ট্রাম্প এর আগে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন, এর পরেই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত।
চলমান আন্দোলনে তেহরান বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা দিলেন ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বিমান হামলাসহ সামরিক পদক্ষেপ নেওয়ার বিকল্প সিদ্ধান্তগুলোও 'টেবিলে' রয়েছে।
ইরানি মুদ্রা রিয়ালের মূল্য হ্রাসের কারণে সৃষ্ট ক্ষোভ থেকে ডিসেম্বরের শেষের দিকে বিক্ষোভের সূত্রপাত হয় দেশটিতে, যা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির বৈধতার সংকটে পরিণত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ইরানের ভেতরে স্বাধীনভাবে কাজ করার অনুমতি নেই এবং তারা বেশিরভাগই দেশের বাইরে সক্রিয় ইরানি মানবাধিকার গোষ্ঠীগুলির ওপর নির্ভর করছে।