প্রবা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২ ১০:৪৩ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২ ১১:০৭ এএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের শেষ চায় রাশিয়া। এ সময় মস্কোকে দুর্বল করার জন্য যুক্তরাষ্ট্র কিয়েভকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ আনা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এসব কথা বলেন পুতিন।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এ সংঘাতের অবসান ঘটানো। আমরা এর জন্য চেষ্টা করছি।’
হয় আলোচনা কিংবা অন্য কোনো উপায়ে সব ধরনের দ্বন্দ্বের অবসান হতে পারে উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘এ বিষয়টি আমাদের প্রতিপক্ষ (কিয়েভ) যত দ্রুত বুঝতে পারবে, ততই ভালো হবে।’
মস্কোর সামরিকপ্রধান জানান, রুশ বাহিনী এখন পূর্ব দোনেৎস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে।
সাম্প্রতিক মাসগুলোয় মস্কোর কর্মকর্তারা বারবার বলেছেন, তারা ইউক্রেনের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেননি। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনায় বসতে চান না বলে অভিযোগ করেছেন তারা। কারণ জেলেনস্কি আগেই বলেছেন, পুতিন ক্ষমতায় থাকাকালে তিনি কোনো ধরনের আলোচনায় বসবেন না।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রে সফর শেষ করেছেন জেলেনস্কি। দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে ক্রেমলিন। পাশাপাশি এও দাবি করেছে, বাইডেন ও জেলেনস্কি ‘রাশিয়ার উদ্বেগ’ নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছেন না।
ক্রেমলিনের মুখপাত্র বলেন, দোনবাসের শহর ও গ্রামের আবাসিক ভবনগুলোয় ক্রমাগত গোলাবর্ষণের বিরুদ্ধে জেলেনস্কিকে কোনো সতর্কবার্তা দিতে শোনা যায়নি। শান্তির জন্য সত্যিকারের কোনো আহ্বানও ছিল না বলে জানান তিনি।
তিনি বলেন, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা দিয়ে পরোক্ষভাবে তাদের যুদ্ধ পরিচালনা করে যাচ্ছে।