প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ০৯:৫৩ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ১০:১৬ এএম
সিরিয়ায় কট্টর ইসলামপন্থি আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ‘বড় আকারের’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানায়, স্থানীয় সময় সাড়ে ৫টায় হামলা শুরু হয়। এসময় ‘সিরিয়াজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে’ আঘাত করা হয়।
গত ১৩ ডিসেম্বরে দেশটির পালমিরা শহরে বন্দুকধারীর হামলায় দুই আমেরিকান সেনা এবং একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর ১৯ ডিসেম্বর সিরিয়ায় ‘অপারেশন হকআই স্ট্রাইক’ শুরু করে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে শনিবার এই বৃহৎ হামলা চালায় দেশটি।
তবে, হামলায় কেউ নিহত হয়েছে কি না সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত বলা হয়নি।
সেন্টকম বলেছে, ‘আমাদের বার্তা এখনও শক্তিশালী- যদি আপনি আমাদের যোদ্ধাদের ক্ষতি করেন, তাহলে আমরা আপনাকে খুঁজে বের করব এবং বিশ্বের যেকোনো স্থানে হত্যা করব, আপনি যতই ন্যায়বিচার এড়াতে চেষ্টা করুন না কেন।’
বিবৃতির সঙ্গে একটি ভিডিও যুক্ত করা হয়েছে, যেখানে গ্রামীণ এলাকায় বেশ কয়েকটি পৃথক বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়েছে।
অপারেশন হকআই স্ট্রাইকের মাধ্যমে সিরিয়ার মধ্যাঞ্চলে আইএসআইএল অবকাঠামো এবং অস্ত্র সম্বলিত ৭০টি লক্ষ্যবস্তুতে বৃহৎ পরিসরে হামলা চালানো হয়।
৩০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র দাবি করেছিল, অপারেশন হকআই স্ট্রাইক শুরু করার পর তাদের বাহিনী প্রায় ২৫ জন আইএসআইএল যোদ্ধাকে হত্যা ও আটক করেছে।
সূত্র : আলজাজিরা