প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:২৮ পিএম
অন্তজার্তিক গণমাধ্যমের খবরের স্ক্রিন শট। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর জাতীয় গণমাধ্যমে প্রকাশের পর পরই তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার হতে থাকে। বার্তা সংস্থা রয়টার্স, যুক্তরাজ্যের বিবিসি ও দ্য গার্ডিয়ান, কাতারের আল-জাজিরা, যুক্তরাষ্ট্রের সিএনএন এবং পাকিস্তানের ডনসহ বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও বাংলাদেশের রাজনীতিতে তাঁর প্রভাব নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
রয়টার্স
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া এবং শেখ হাসিনার সঙ্গে কয়েক দশক ধরে ক্ষমতার পালাবদলের মাধ্যমে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বিবিসি
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শিরোনাম করেছে—‘৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া’। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ অসুস্থতার পর দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার জীবনাবসান হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে খালেদা জিয়া পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন।
আল-জাজিরা
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার শিরোনাম ছিল—‘৮০ বছর বয়সে মারা যাওয়া সাবেক নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালন করছে বাংলাদেশ’। প্রতিবেদনে খালেদা জিয়াকে দেশটির অস্থিতিশীল রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করা হয়েছে। বিএনপির বিবৃতির বরাতে আল-জাজিরা জানায়, খালেদা জিয়া মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টায় (জিএমটি ০০:০০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দ্য গার্ডিয়ান
যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গার্ডিয়ান শিরোনাম করেছে—‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু, বয়স হয়েছিল ৮০ বছর’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন, শেখ হাসিনার সঙ্গে যাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা একটি প্রজন্মের রাজনীতিকে সংজ্ঞায়িত করেছিল। বাংলাদেশের স্বাধীনতার পর গত ৫০ বছরের ইতিহাসে খালেদা জিয়া ছিলেন দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাঁর মৃত্যুর সংবাদ ঘোষণা করে। প্রতিবেদনে খালেদা জিয়ার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও উল্লেখ করা হয়।
সিএনএন
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বার্তা সংস্থা এপির বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের শিরোনাম ছিল—‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং হাসিনার প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন’। প্রতিবেদনে তাঁর রাজনৈতিক উত্থান এবং পরবর্তী জীবনে আইনি ও শারীরিক প্রতিকূলতার বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা হয়েছে।
ডন
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের শিরোনামে বলা হয়েছে—‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন।’ বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনের ভিত্তিতে সংবাদমাধ্যমটি খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করেছে।