× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যেভাবে এলো তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:১৮ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:২১ পিএম

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বিবিসি, রয়টার্স ও আল-জাজিরার খবরের স্ক্রিনশট।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বিবিসি, রয়টার্স ও আল-জাজিরার খবরের স্ক্রিনশট।

দীর্ঘ সতেরো বছরের বেশি সময় যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর বাংলাদেশে ফিরেছেন দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা তারেক রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই প্রত্যাবর্তনকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরেছে। অধিকাংশ সংবাদমাধ্যমই তারেক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন। আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় ঐতিহাসিক সাধারণ নির্বাচন সামনে রেখে তার এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ৬০ বছর বয়সি তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের কান্ডারি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র। তার নেতৃত্বাধীন দল বিএনপি আসন্ন নির্বাচনের মাধ্যমে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে কাজ করছে। ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করা তারেক রহমানই দেশের পরবর্তী রাষ্ট্রনায়ক হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে, যদি তার দল নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দলের নেতাকর্মীরা উজ্জীবিত হবেন বলে আশা করছে বিএনপি; বিশেষ করে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রীর পদের জন্য তারেক রহমানকেই এখন সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ২০১৮ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দিচ্ছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দীর্ঘকাল ধরে শাসনকারী পরিবারের উত্তরাধিকারী এবং প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান প্রায় ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন। তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার, বৃহস্পতিবার ঢাকা এসে পৌঁছেন। রাজনৈতিক প্রতিহিংসামূলক হয়রানির অভিযোগ তুলে ২০০৮ সালে দেশ ছাড়ার পর থেকে তিনি লন্ডনে বসবাস করছিলেন। ঢাকার বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত রাস্তার দুই পাশে লাখ লাখ সমর্থক ভিড় জমান। বিমানবন্দরে কড়া নিরাপত্তার মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে অভ্যর্থনা জানান।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে স্বেচ্ছানির্বাসনে থাকার পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন। আসন্ন নির্বাচনে দেশের পরবর্তী রাষ্ট্রনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা এই নেতা একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ার অঙ্গীকার করেছেন। তার এই প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার বেলা শেষের দিকে কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে তারেক রহমান, তার স্ত্রী ও মেয়েকে বহনকারী একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ভারতের এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে ফিরে তার প্রথম ভাষণে বলেছেন, বাংলাদেশকে নিয়ে তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ঢাকার রাজপথে জমায়েত হওয়া বিশাল জনসমুদ্রের উদ্দেশে রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং একটি জনসভায় বলেছিলেন- “আমার একটি স্বপ্ন আছে।” তার মতো করেই আমি বলতে চাই, বাংলাদেশ নিয়ে আমার একটি পরিকল্পনা আছে।’ আগামী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা তারেক রহমান দেশকে ‘প্রিয় বাংলাদেশ’ সম্বোধন করে বক্তব্য শুরু করেন।

ভারতের আরেক সংবাদমাধ্যম টাইমস অব বাংলাদেশের প্রতিবেদনে বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার এক নাটকীয় পরিবেশে ঢাকায় ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশে ফেরার পর তাকে স্বাগত জানাতে মানুষের ঢল নামে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে যখন বিমানবন্দরে অবতরণ করেন, তখন একদিকে ছিল উৎসবের আমেজ, অন্যদিকে চলছিল টানটান উত্তেজনা। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে দেওয়া তার প্রথম ভাষণে তিনি ২০২৪ সালে শেখ হাসিনার পতন ঘটানো রাজনৈতিক গণঅভ্যুত্থানকে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেন। একই সঙ্গে তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের সেই ঐতিহাসিক উক্তিকে নিজের মতো করে স্মরণ করে বলেনÑ ‘আমার একটি পরিকল্পনা আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা