প্রবা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৫:২৯ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২ ১৬:৫১ পিএম
ভারত জোড়ো যাত্রায় রাজস্থানে রাহুল গান্ধী। ১৯ ডিসেম্বর তোলা। ছবি : সংগৃহীত
ভারতের কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো যাত্রা’ স্থগিতের আহ্বান জানিয়েছেন বিজেপি সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। দেশে নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় তিনি এ আহ্বান জানান। কিন্তু করোনা নয়, মানুষের জাগরণকে ভয় পেয়েই বিজেপি নেতারা যাত্রা বন্ধ করতে চাচ্ছেন বলে মনে করে কংগ্রেস।
বিৃবতিতে মনসুখ মান্ডাভিয়া বলেন, ‘দেশে নতুন করে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বিভিন্ন দেশে সম্প্রতি করোনার নতুন ঢেউ দেখা যাচ্ছে। এ অবস্থায় রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা স্থগিত করা উচিত। আর একান্তই করতে চাইলে তাদের করোনা বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলতে হবে। র্যালি বা যাত্রায় অংশগ্রহণকারী সবাইকে মাস্ক পরতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আর যাত্রায় শুধু করোনা টিকা গ্রহণকারীরাই অংশ নিতে পারবেন।’
ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে স্ক্রলডটইনের এক প্রতিবেদনে বলা হয়, একই বিষয়ে রাজস্থানের কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কাছেও এক চিঠি লিখেছেন মনসুখ মান্ডাভিয়া। চিঠিতে তিনি লেখেন, ‘কংগ্রেসের যাত্রা নিয়ে রাজস্থানের অন্তত তিন বিধায়ক উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের শঙ্কা, এই যাত্রা থেকে দেশজুড়ে করোনা নতুন করে ছড়িয়ে পড়তে পারে।’
প্রসঙ্গত, নরেন্দ্র মোদির ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশের মানুষকে একাট্টা করতে ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু থেকে গত ৭ সেপ্টেম্বর ভারত জোড়ো যাত্রা বা এক হও ভারত র্যালি বা যাত্রা শুরু করে কংগ্রেস। এটির নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসের সাবেক প্রেসিডন্ট রাহুল গান্ধী। সম্প্রতি যাত্রাটি রাজস্থানে প্রবেশ করে। বুধবার (২১ ডিসেম্বর) সকালে যাত্রাটি হরিয়ানায় প্রবেশ করেছে। পায়ে হেঁটে ১৫০ দিনের মাথায় যাত্রাটি তিন হাজার ৫৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জম্মু-কাশ্মিরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। যাত্রাটি ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
যাত্রা নিয়ে মনসুখ মান্ডাভিয়ার সমালোচনার জবাব দিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বুধবার এক বিবৃতিতে বলেন, ‘মান্ডাভিয়া যদি করোনা বিধিনিষেধ নিয়ে এতই উদ্বিগ্ন থাকেন, তাহলে বিজেপির নেতারা তা নিয়ে যে কোনো তোয়াক্কা করেছেন না, তা নিয়ে তিনি কিছু বলেন না কেন? সম্প্রতি গুজরাট নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতারা যেভাবে গণসংযোগ করেছেন, তা নিয়ে তো তারা টুঁ-শব্দটি করেননি।’
অধীর রঞ্জন চৌধুরী মনে করেন, ভারত জোড়ো যাত্রা নিয়ে বিজেপি ব্যাপক ভয়ে আছে। এ যাত্রার মধ্য দিয়ে মানুষ জাগছে। তাই তারা এসব কথা বলছে।