প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:২৯ পিএম
রিসেপ তাইয়েপ এরদোয়ান
কৃষ্ণসাগর যেন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের নতুন সংঘাতকেন্দ্রে পরিণত না হয় এমন সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্ক কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরের সংযোগস্থল বসফরাস প্রণালি নিয়ন্ত্রণ করে, যা ইউক্রেনের শস্য ও রাশিয়ার তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ। সাম্প্রতিক হামলার পর তুরস্ক এ নিয়ে উদ্বেগ জানিয়ে দুই দেশের রাষ্ট্রদূতদের তলব করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এরদোয়ান বলেন, কৃষ্ণসাগর কোনো পক্ষের জন্যই যুদ্ধের জায়গা হওয়া উচিত নয়। এতে রাশিয়া বা ইউক্রেনÑ কারও লাভ নেই। এই সাগরে সবার জন্য নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করা জরুরি।
তার এই বক্তব্যের আগে শুক্রবার ইউক্রেন জানায়, রাশিয়ার বিমান হামলায় ওডেসা বন্দরে তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার কয়েক ঘণ্টা আগেই তুর্কমেনিস্তানে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এরদোয়ান।
এরদোয়ানের দপ্তর জানায়, পুতিনের সঙ্গে আলোচনায় তিনি বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রেখে সীমিত যুদ্ধবিরতির প্রস্তাব দেন। এরদোয়ান জানান, তার আলোচনার মূল বিষয় ছিল যুদ্ধ থামানো ও শান্তির পথ খোঁজা।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এরদোয়ানের মতে, শান্তি খুব দূরে নয়।