প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ০৯:২৩ এএম
ঘূর্ণিঝড় বায়রন গাজার ফিলিস্তিনিদের জন্য নতুন দুর্ভোগের হুমকি দিচ্ছে। ছবি: সংগৃহীত
ঘূর্ণিঝড় বায়রন গাজার ফিলিস্তিনিদের জন্য নতুন দুর্ভোগের হুমকি দিচ্ছে। এই প্রচণ্ড শীতকালীন ঝড় অবরুদ্ধ অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে। পর্যাপ্ত পোশাক, জ্বালানির অভাবে বিপর্যস্ত হাজারো পরিবার। গত ২৪ ঘণ্টায় এতে ঘরবাড়ি, দেওয়াল ও তাঁবু ধসে পড়ে শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের হামলায় উপত্যকার বাস্তুচ্যুত বাসিন্দারা আগে থেকেই সংকটে থাকলেও এই দুর্যোগ নতুন করে বিপর্যয় ডেকে এনেছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়, স্টর্ম ‘বায়রন’ আঘাত হানার পর গাজা উপত্যকাজুড়ে প্রবল ঝড়ে ধসে পড়েছে ঘর, দেয়াল, আশ্রয়ের একমাত্র ভরসা তাঁবুগুলোও। পর্যাপ্ত পোশাক, জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যস্ত হাজারো পরিবার।
তীব্র শীতে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজা সিটি কর্তৃপক্ষ। শনিবার (১৩ ডিসেম্বর) দ্য নিউ আরবের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে উত্তর গাজার বির আন-নাজা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি বাড়ি ঝড়ে ধসে পড়ে পাঁচজনের মৃত্যু হয়। একইদিন ভোরে গাজা সিটির রেমাল এলাকায় একটি দেওয়াল ভেঙে তাবুর ওপর পড়ে আরও দুইজন নিহত হন। এর আগের দিন শাতি শরণার্থী শিবিরে একটি কাঠামো ধসে একজন মারা যান। আল-মাওয়াসিতে প্রচণ্ড ঠান্ডায় এক শিশুর মৃত্যু হয়।
দক্ষিণ গাজার আল-মাওয়াসি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খালিলি জানান, ‘কর্মকর্তারা সতর্ক করছেন যে বন্যা, ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে, যা আজও অব্যাহত থাকবে। এটি ৭৬১টি স্থানে আশ্রয় নেওয়া প্রায় সাড়ে ৮ লাখ মানুষকে হুমকির মুখে ফেলবে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে বহু শিশু রয়েছে। এখানে, ভারী বৃষ্টি ও বাতাসের কারণে তাঁবুগুলো ধ্বংস হয়ে গেছে, পরিবারগুলো তাদের অস্থায়ী আশ্রয়গুলো ধ্বংসের সম্মুখীন।’