প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১০:৩৮ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ১০:৪১ এএম
জাপানের ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর আওমোরি প্রিফেকচারের তোহকু শহরে ধসে পড়া রাস্তার কিনারে আটকে থাকা একটি গাড়ি। ছবিটি ৯ ডিসেম্বর, ২০২৫-এ তোলা। ছবি: আলজাজিরা
জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করেছে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)।
জেএমএ-এর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আওমোরি প্রিফেকচারের উপকূলে এবং এর গভীরতা ছিল ২০ কিলোমিটার (১২.৪ মাইল)। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হোনশু দ্বীপের ইওয়াতে অঞ্চলের কুজি শহর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি সংঘটিত হয়।
এদিকে, জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো অস্বাভাবিকতা বা ক্ষয়ক্ষতির লক্ষণ দেখা যায়নি।
জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, আজকের ভূমিকম্পের তীব্রতা গত সোমবার রাতের ভূমিকম্পের তুলনায় কিছুটা কম ছিল। সোমবারের ওই ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হন এবং ৭০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হানে। সে সময় জেএমএ হোক্কাইদো থেকে চিবা পর্যন্ত বিশেষ সতর্কবার্তায় জানিয়েছিল, এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র : আলজাজিরা