প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ০৯:৩০ এএম
ছবি: সংগৃহীত
বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রতিদিনিই বিভিন্ন এলাকায় ড্রোন, বিমান হামলা ও গোলাবর্ষণে হতাহত হচ্ছেন বহু ফিলিস্তিনি। আর ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত গাজা উপত্যকায় কমপক্ষে ৭০ হাজার ১০০ জন নিহত হয়েছেন বলে শনিবার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বর্বর এই আগ্রাসনে আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ। গাজায় প্রাণহানির মর্মান্তিক এই মাইলফলক এমন এক সময়ে পার হলো যখন গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও প্রায় প্রতিদিনই নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ছাড়াল ৭০ হাজার।
এদিকে জার্মান গবেষণা বলছে, এই আগ্রাসনে নিহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। বার্তাসংস্থাটি বলছে, গাজায় চলমান যুদ্ধে মৃতের সংখ্যা এতদিন যা ধারণা করা হচ্ছিল, বাস্তবে তা আরও অনেক বেশি হতে পারে বলে সোমবার জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট প্রতিবেদন প্রকাশ করেছে। রস্টকভিত্তিক ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের গবেষকেরা সরকারি তথ্যের পাশাপাশি স্বাধীন পরিবারভিত্তিক সমীক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মৃত্যুসংবাদসহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেন। তাদের হিসাব অনুযায়ী, গাজায় ৯৯ হাজার ৯৯৭ থেকে ১ লাখ ২৫ হাজার ৯১৫ জনের মৃত্যু ঘটেছে। গড় অনুমান দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ১২ হাজার ৬৯ জনে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে অন্তত এক লাখ মানুষের মৃত্যু ঘটেছে বা নিহত হয়েছে।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা শুক্রবার জানান, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরাইল তা ৫৩৫ বার লঙ্ঘন করেছে।